শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা–১০ আসনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আলোচনার কেন্দ্রে গণঅধিকার পরিষদের রমিজ বিন আরিফ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ এএম
কুমিল্লা–১০ আসনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আলোচনার কেন্দ্রে গণঅধিকার পরিষদের রমিজ বিন আরিফ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তে নির্বাচনী মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ, যা ইতোমধ্যে ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্রে গুরুতর তথ্য গোপনের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, তিনি তার হলফনামায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যথাযথভাবে উল্লেখ করেননি। যাচাই-বাছাই ও পরবর্তী আপিল শুনানিতে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। ইসি’র ভাষ্য অনুযায়ী, নির্বাচনী আইন অনুসারে হলফনামায় ভুল, অসত্য বা অসম্পূর্ণ তথ্য প্রদান একটি গুরুতর অপরাধ—যার ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির মতো বড় রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় কুমিল্লা–১০ আসনের নির্বাচনী চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে করে ঐতিহ্যগত ভোটের হিসাব বদলে গেছে এবং ভোটারদের সামনে নতুন বিকল্পের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ছোট ও উদীয়মান রাজনৈতিক দলগুলোর জন্য মাঠ উন্মুক্ত হয়েছে।
এই পরিবর্তিত বাস্তবতায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী রমিজ বিন আরিফ। তিনি নিজেকে স্বচ্ছ, দুর্নীতিবিরোধী ও জনস্বার্থভিত্তিক রাজনীতির প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। তার নির্বাচনী ইশতেহারে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনী প্রচারণায় রমিজ বিন আরিফের সঙ্গে তরুণ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নিয়মিত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন। গণঅধিকার পরিষদের নেতারা মনে করছেন, বিএনপির প্রার্থী না থাকায় যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে রমিজ বিন আরিফ একটি কার্যকর ও গ্রহণযোগ্য বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারেন।
সব মিলিয়ে, বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিলের ঘটনায় কুমিল্লা–১০ আসনের নির্বাচনী লড়াই পেয়েছে নতুন মাত্রা। পরিবর্তিত এই রাজনৈতিক বাস্তবতায় ভোটারদের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায়—সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক অঙ্গন।

থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহেবনগর গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জাকির হোসেন নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জাকির হোসেনের দায়ের করা লিখিত অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি ও হুমকির অভিযোগ এনে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়েন করেন।

 

অভিযোগে আব্দুল্লাহ, আজাদ, সোহাগ, লিটন, আব্দুল খালেক, আব্দুল কালাম, ফরহাদ আহমেদ ও নাজমুল হাসান বক্কিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের খবর পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের কয়েকজনসহ আরও কয়েকজন জাকির হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগ

 

জাকির হোসেনের পরিবারের অভিযোগ, চাঁদা দাবি ও হামলার আশঙ্কার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে হামলা চালিয়েছে।

 

পরিবারটি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জাকির হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

দেবীদ্বারে ব্যাংকের ভেতর ৪লক্ষ টাকা চুরির টাকাসহ চোর বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম
দেবীদ্বারে ব্যাংকের ভেতর ৪লক্ষ টাকা চুরির টাকাসহ চোর বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের টাকা গগনার সময়ে ৪লক্ষ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেবীদ্বার বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া।

গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪:২৫ মিনিটের সময় দেবীদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় জাকির হোসেনের ডান পাশে বসা বিপ্লব পেছন থেকে তার ৪লক্ষ টাকা চুরি করে দ্রুত চলে যায়।

টাকা চুরির সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ছবি

এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন একই দিন রাত ১০টার দিকে দেবীদ্বার থানায় মামলা করেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চাঁনমিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। ব্যাংকের ভেতরের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। এরই পেক্ষিতে ঝিনাইদহে অভিযান চালিয়ে চোর বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিপ্লব গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী জাকির হোসেন দেবীদ্বার থানা-পুলিশসহ গ্রেপ্তারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি তাঁর কষ্টার্জিত বাকি টাকাগুলোও উদ্ধার করে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

দেবীদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে দেবীদ্বার থানায় নিয়ে আসা হবে।”

মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা মনোহরগন্জ, প্রতিনিধি ইমরান প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম
মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে মনোহরগঞ্জে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে তাঁরা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সুনিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত ইউএনও রিফাত জাহানও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×