শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গ্যাস সিলিন্ডারে বাড়তি দাম কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম
গ্যাস সিলিন্ডারে বাড়তি দাম কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার ৩ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় বিইআরসি কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।
পদুয়ার বাজার এলাকায় অবস্থিত মেসার্স সরকার এন্টারপ্রাইজ নির্ধারিত ১২৫৩ টাকার পরিবর্তে ১৪৫০ টাকায় সিলিন্ডার বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার টাকা।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয় ও বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো কাউছার মিয়া। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

হোমনায় চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে মকবুল হোসেনের গণসংযোগ

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম
হোমনায় চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে মকবুল হোসেনের গণসংযোগ

কুমিল্লার হোমনা উপজেলার ২নং ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. মকবুল হোসেন গণসংযোগ শুরু করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এ সময় শতাধিক অটোরিকশা ও মোটরসাইকেলের বহর নিয়ে তাঁর সমর্থকরা প্রচারণায় অংশ নেন। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে এলাকাবাসীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সড়কের দুই পাশে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ তাঁকে অভিবাদন জানান।

পরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন মকবুল হোসেন। এ সময় তাঁর সমর্থকদের বলতে শোনা যায়, ‘আমাদের ভালোবাসার প্রাণপুরুষ মরহুম আবদুল মতিন চেয়ারম্যানের যোগ্য সন্তানকে আমরা বিজয়ী করব।’

মকবুল হোসেন হোমনার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবদুল মতিনের ছেলে। বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচিতিকে ধারণ করে দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান তাঁর সমর্থকরা।

গণসংযোগকালে মকবুল হোসেন বলেন, ‘আমার বাবার প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষায় আমাদের পরিবার সবসময় জনগণের পাশে থেকেছে। মানুষের ভালোবাসা নিয়েই আমরা বেঁচে আছি। এই ভালোবাসার মূল্য আজীবন দিয়ে যেতে চাই। আমাদের সবচেয়ে বড় শক্তি জনগণের সমর্থন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হোমনা-তিতাসের সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশা করে মকবুল হোসেন বলেন, দলের নেতাকর্মী ও তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বিএনপি তাঁকে চেয়ারম্যান পদে সমর্থন দেবে বলে তিনি আশাবাদী।

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে তাঁর দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনা বলেছেন, নানা আইনি ও রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেননি। তবে তাঁর দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। বিশেষ করে ভারত থেকে তাঁকে প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

৫ নভেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনা জানান, দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবাসসহ বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা সম্পর্কে তিনি অবগত। তারপরও দেশে ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের সরকারের অবস্থানও স্পষ্ট হয়েছে। ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তাঁকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার মাধ্যমে দেশে আনার পরিকল্পনা সরকারের নেই। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া ও আদালতের আদেশ রয়েছে। এ কারণে প্রচলিত আইনি ও কূটনৈতিক ব্যবস্থার মধ্য দিয়েই তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

অন্যদিকে, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যর্পণ বিষয়ে আইনি প্রক্রিয়া চলার কথা জানানো হয়েছে। তবে তাঁকে কবে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা ওই রায় প্রত্যাখ্যান করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর ঘোষিত সময়ের মধ্যে দেশে ফেরা সম্ভব হবে কি না, তা নির্ভর করছে তাঁর নিজস্ব সিদ্ধান্তের পাশাপাশি ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আইনি পরিস্থিতির ওপর।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

হোমনায় উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
হোমনায় উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা, পৌরসভা ও হোমনা সরকারি ডিগ্রি কলেজ শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত হোমনা উপজেলা ছাত্রদলের তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জাহিদুল ইসলাম (অপু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল মিয়া এবং সদস্য সচিব করা হয়েছে মো. মজিবুর রহমানকে।
হোমনা পৌরসভা ছাত্রদলের তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে সাইফুল হাসান সাজ্জাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ ফাহাদ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আজিজুর রহমান (সোহান)।
অন্যদিকে, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে আবু হায়দার রনি, সাধারণ সম্পাদক হিমেল সরকার এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. ফাহিম মিয়াকে।
জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের হোমনা উপজেলা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট, পৌরসভা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট এবং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া নতুন উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে হোমনায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

×