চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে হুমকির অভিযোগ
Oplus_131072
কুমিল্লার চৌদ্দগ্রামে এক স্কুলছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার পর সাড়া না পেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা হাফেজ মিয়ার বিরুদ্ধে।
ঘটনাটি উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের উত্তরপাড়ায়। অভিযুক্ত হাফেজ মিয়া ওই এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
থানায় দেওয়া অভিযোগে ছাত্রীর মা দাবি করেন, স্কুলে যাতায়াতের পথে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি পরিবারকে জানালে হাফেজ মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বরের ঘটনার পর ছাত্রীর মা চৌদ্দগ্রাম থানায় হাফেজ মিয়াকে প্রধান আসামি করে তার স্ত্রী লাকি বেগম, মেয়ে উর্মি আক্তারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ অস্বীকার করে হাফেজ মিয়া বলেন, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পারিবারিক বিষয়েই ওই ছাত্রীকে কথা বলার জন্য ডেকেছিলেন বলে দাবি করেন তিনি।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শরীফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















