তিতাসে গাজী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণে মানবিক আলো ছড়ালেন প্রবাসী শাহজালাল
পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে গাজী ফাউন্ডেশনের উদ্যোগে এবং সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাজী মোহাম্মদ শাহজালালের অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মরহুম রেনু মিয়া গাজীর স্মরণে আয়োজন করা হয় এ কর্মসূচি। এ সময় মাছিমপুর গ্রামের ত্রিশাধিক অস্বচ্ছল ও নিম্নআয়ের পরিবারের হাতে পুরো এক মাসের ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো— মুড়ি, ছানা বুট, খাসারি ডাল, বেসন, সয়াবিন তেল, খেজুর, পেঁয়াজ, ট্যাং, চিনি, আলু, লবণ ও এক বস্তা ওসমান চাউলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক হালিম সৈকত, গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহজালালের মা মোমেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মোমেনা বেগম বলেন, “আমার ছেলে যেন প্রতি বছর গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, সবাই তার জন্য দোয়া করবেন।”
গাজী মোহাম্মদ শাহজালাল মুঠোফোনে জানান, “নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের জন্য কিছু করা আমাদের দায়িত্ব। আমি চেষ্টা করছি ক্ষুদ্র পরিসরে হলেও মানুষের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


















