সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

নির্বাচন প্রশ্নে সংকট আছে, সংকট নেই সমাধান কোথায়, কী বলছেন নেতারা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম
নির্বাচন প্রশ্নে সংকট আছে, সংকট নেই সমাধান কোথায়, কী বলছেন নেতারা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঘড়ির কাঁটা ঘুরছে। ঘণ্টা বাজছে ভোটের। আগামী ১০-১১ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। এ নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-বিতর্ক। কী পদ্ধতিতে হবে নির্বাচন? দলীয় নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? দুই পক্ষই অনড়। শাসক দলের নেতাদের সাফ কথা, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। বিএনপি ও সমমনারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়। এই পরিস্থিতিতে সমাধান কোথায়? কী বলছেন রাজনীতিবিদরা। আমাদের রিপোর্টার নূরে আলম জিকু এবং মো. আল-আমিন কথা বলেছেন মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে।

আনিসুল হক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচন নিয়ে বিএনপি’র সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের একটি সংবিধান আছে।

 

জাতীয় নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণভাবে সংবিধানে লেখা আছে। তাই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। বিএনপিসহ অন্য দলগুলোকে সংবিধান মেনেই নির্বাচন করতে হবে। আমরা আশা করছি এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।
ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে যে নির্বাচন ব্যবস্থার সংকট চলছে এটা এখন স্পষ্ট। এটার সমাধান অবশ্যই আছে। ১০ দফায় আমরা সেটা উল্লেখ করেছি। দেশের মানুষের কাছে তা পরিষ্কার। সরকার পদত্যাগ করে, সংসদ বাতিল করে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই এই সংকট নিরসন সম্ভব। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন করার মূল দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। তারা যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চায়, তাহলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। এখনো আমাদের কোনো পরিকল্পনা নেই।

রাশেদ খান মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশে রাজনৈতিক সংকট তো আছেই। তবে অসমাধানযোগ্য সংকট দেখছি না। বিএনপি এর আগেও বলেছিল অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার ধারণা এবারো তারা নির্বাচনে অংশ নেবে। এখন সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি না। সংলাপ কখন, কার সঙ্গে হবে সেটি পরিবেশ পরিস্থিতি বলে দিবে।

হাসানুল হক ইনু
সংবিধানের বিদ্যমান ধারাতেই আগামী নির্বাচন হবে জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই। এ ছাড়া এ ইস্যুতে বিএনপি’র সঙ্গে আলোচনায় বসতেও রাজি না। এমনকি বিএনপি থেকে সাংবিধানিক ধারা বানচাল করার চেষ্টা চালানো হলেও সরকার তা কঠোর হাতে প্রতিহত করবে এবং যথাসময়ে নির্বাচন করবে বলেও জানান তিনি। সংলাপের বিষয়ে তিনি বলেন, সংলাপ শুধু প্রকৃত গণতান্ত্রিক দলের সঙ্গে চলে। আগুন-সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে সংলাপ হতে পারে না। যারা সংকট তৈরি করার চেষ্টায় লিপ্ত তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। সংবিধানের ধারার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আলোচনা হতে পারে। কিন্তু খেয়াল করেছি এই আলোচনা করার ইচ্ছা কারও নেই। আসলে তারা আগে ক্ষমতা দখল করতে চায়, পরে অন্যকিছু। এটা ক্ষমতা দখলের খেলা চলছে, নির্বাচনের না।

শেখ শহীদুল ইসলাম
জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, আমি বর্তমানে কোনো রাজনৈতিক সংকট দেখছি না। এজন্য দেখছি না যে, একটি রাজনৈতিক দলের বিভিন্ন দাবি থাকতেই পারে। গতবারও তাদের দাবি ছিল। কিন্তু তারা ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে এসেছিল। আমি মনে করি নির্বাচনের আগে উভয় দলই সমঝোতায় আসবে। নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি তো ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করছে। একটা দল নির্বাচনে না আসলে কিছু যায় আসে না জানিয়ে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে মওলানা ভাসানী অংশ নেননি। এতে তো ১৯৭০ সালের নির্বাচন অবৈধ হয়ে যায়নি। তারা যদি এটাকে ব্যাপকতর করতে পারে যে আওয়ামী লীগ ছাড়া কোনো দলই নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাহলে সংকট তৈরি হবে। তিনি বলেন, আনুষ্ঠানিক সংলাপ না হলেও অনানুষ্ঠানিক সংলাপ চলছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিএনপি ও অন্য দলের নেতাদের সংলাপ চলছে। আমরা যতদূর জানি তারা সমঝোতায় প্রায় পৌঁছে গিয়েছে।

রুহিন হোসেন প্রিন্স
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে রাজনৈতিক সংকট রয়েছে। এই সংকট নিরসনে দরকার ভালো নির্বাচন। আর ভালো নির্বাচন আয়োজন করতে দরকার নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে ভালো নির্বাচন আশা করা যায় না। অতীত ও বর্তমানে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি বা অন্য দল ক্ষমতায় থাকলে তাদের অধীনে ভালো নির্বাচন আশা করা যায় না। কারণ, আমাদের দেশে ওই ধরনের প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় তদারকি সরকার জরুরি। এই বিষয়ে সকল দলগুলোর সঙ্গে আলোচনা করা দরকার।

রেদোয়ান আহমেদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, বর্তমান সরকার গত ১৫ বছরে প্রতিটি সেক্টরে তার নিজস্ব কাঠোমা তৈরি করেছে। অনেক কালাকানুন তৈরি করেছে। এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসলে ওই সমস্ত কালাকানুন থেকে বিভিন্ন দলের প্রার্থীদের মুক্ত রাখতে পারবে। যার কারণে সরকার নিরপেক্ষ হলে, নিরপেক্ষ নির্বাচন হলেও অনেক সংকটাপন্ন পরিস্থিতি রয়ে যাবে। তারপরেও দেশের মানুষ অন্ততপক্ষে ভোট দিতে পারবে।

মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনী সংকট সরকার সৃষ্টি করেছে। তাদেরকেই এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। একটু সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। আমরা দীর্ঘদিন ধরে সেই বার্তা সরকারকে দিয়ে আসছি।

আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে সবাইকে নির্দলীয় নিরপেক্ষ সরকার অনুধাবন করতে হবে। নিরপেক্ষ সরকার ছাড়া কোনোভাবেই দেশে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।

নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, গত ৫০ বছরে আমরা একটা বিতর্কবিহীন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। একটা স্বাধীন জাতি হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং লজ্জার। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়ে একটা সংকট তৈরি করেছে। এখন বিরোধী দলগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে আমাদের বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন। সংকট উত্তরণে এটা একটা উত্তম পন্থা। কিন্তু দেশের যে বর্তমান সংকট সেটা শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনীতিক, সামাজিক, ভূরাজনৈতিক সবমিলিয়ে এটা চরম সংকট আছে। এখান থেকে উত্তরণে আমরা মনে করি জাতীয় সরকার হতে পারে। সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে অন্তত ১-২ বছরের জন্য একটা জাতীয় সরকার কাজ করলে সংকট নিরসন সম্ভব হবে। জাতীয় সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা, এটাকে টেনে তোলা। কারণ আমাদের অর্থনীতি এখন খাদের কিনারে। ভূরাজনীতিতে বিভিন্ন দেশ এখন আমাদের দেশে আসছে, কথা বলছে। আমরা এটাকে কাজে লাগাতে পারি।

মাওলানা ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ মানবজমিনকে বলেন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে মানুষের মাঝে চরম আস্থার সংকট তৈরি হয়েছে। নির্বাচনী যে ব্যবস্থা বা সুশাসনের যে ব্যবস্থা- এটা কিন্তু ধসে গেছে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার অধীনে যে নির্বাচন হচ্ছে, তার প্রতি মানুষের আর এক বিন্দু আস্থা নেই। কারণ বিগত নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি। তো মানুষের ভেতরে এই বোধটা কাজ করছে যে, আমি ভোট দিতে যাব কিসের জন্য- আমাকে তো ভোট দিতে দেয়া হবে না। এই সংকট সমাধানে জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করা জনদাবিতে পরিণত হয়েছে। এই জাতীয় সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং স্থানীয় প্রশাসনকে সাজিয়ে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে।

মুহাম্মদ ইবরাহিম
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন একেবারে অসম্ভব ব্যাপার। গত ১৪ বছরে রাজনীতিতে দূষণের মাত্রা এত বেশি হয়েছেন যে, এটাকে ২/৩ মাসের একটা কেয়ারটেকার সরকার দিয়ে শুদ্ধ করা প্রায় অসম্ভব। তারপরেও আমাদের বিশ্বাস যদি ক্ষমতাসীন দলসহ সকলেই মিলে সহযোগিতা করে তাহলে কিছুটা সুষ্ঠু, কিছুটা স্বচ্ছ একটা নির্বাচন সম্ভব। তিনি বলেন, এখন যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বর্তমান ক্ষমতাসীন সরকারের আজ্ঞাবহ এবং সুবিধাপ্রাপ্ত ব্যক্তি। জনগণের আজ্ঞাবহ, জনগণের সুবিধাপ্রাপ্ত বা জনগণকে ভালোবাসে এমন লোক খুবই কম। সেজন্য তারা বর্তমান ক্ষমতাসীন সরকারকে ক্ষমতায় রাখার পক্ষে কাজ করছেন। এবং এজন্য যা করার তারা তা করবে। আর এই সরকারও সরকারি কর্মকর্তা- কর্মচারীদের এত বেশি সুবিধা দিয়েছেন যে, বিশেষ করে যারা জ্যেষ্ঠ বা সিদ্ধান্ত গ্রহণকারীদের বেশি সুবিধা দিয়েছেন। এজন্য তারা ও বর্তমান সরকারকে যেকোনো মূল্যে টিকিয়ে রাখতে চায়। কতিপয় ব্যতিক্রম ছাড়া বেশির ভাগই সরকারের পক্ষে কাজ করছেন। এজন্য বর্তমান সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বর্তমান নির্বাচন কমিশনটিও অনেক ক্ষেত্রে সরকারের আজ্ঞাবহ। সুতরাং বর্তমান সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই।

মোস্তফা জালাল হায়দার
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব না। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। এজন্য আমরা যুগপৎ আন্দোলন করে আসছি। আমাদের দাবিগুলো অনেক আগে থেকেই জানিয়ে আসছি। দেশকে রক্ষা ও গণতন্ত্র রক্ষা করতে হলে কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সরকারের পদত্যাগের মধ্যেই সমাধান আছে। এই সরকার পদত্যাগ করলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব। এজন্য বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার রূপান্তর লাগবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার লাগবে। তখনই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।

মতিউর রহমান আকন্দ
জামায়াতের প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচন নিয়ে বড় ধরনের সংকট রয়েছে। সংকট সমাধানের জন্য প্রয়োজন কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠায় সংবিধান বাধা হবে না।

আহমদ আবদুল কাদের
খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশে চরম সংকট দেখা দিয়েছে। এই দেশের মানুষ একটু সুষ্ঠু নির্বাচন চায়। তবে এই সরকারের অধীনে তা সম্ভব নয়। আমরা আগে থেকেই বলে আসছি- নির্বাচনের ৩ মাস আগে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। অতীতের মতো সরকারের কলাকৌশল আর টালবাহানার নির্বাচন জনগণ চায় না।

সূত্র : মানবজমিন 

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×