পরিকল্পিত অগ্নিসংযোগ! সৎ ছেলে ও বৌয়ের দিকে সন্দেহের তীর
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর রুপসাগর পাড় এলাকায় রাতের অন্ধকারে বাড়িঘরের আসবাবপত্র ও বিছানায় পরিকল্পিত ভাবে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘোষনগর এালাকার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী ফাতেমা বেগম জানান, সোমবার দুপুরে বাড়িতে ছেলে আলআমিনকে রেখে বোনের বাড়িতে যান। পরদিন সকালে ছেলের কাছে খবর পেয়ে বাড়িতে আসেন। ছেলে ও ভাড়াটিয়ার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৪টায় কে বা কারা জানালার থাই গ্লাস খুলে পেছনের একটি কক্ষে অগ্নিসংযোগ করে। সামনের ঘরে থাকা আলআমিন আগুনের ধোয়ায় শ্বাসকষ্ট অনুভব করলে জেগে উঠে আগুন দেখে দরজা খুলে হাকডাক শুরু করে। আগুন ছড়িয়ে বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই প্রতিবেশী ভাড়াটিয়াদের সহায়তায় ভোর সারে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে মশারি বিছানার চাদর তোশক ও বালিশসহ বেশকিছু কাপড় পুড়ে যায়।
কে বা কারা এমনটা করেছে জানতে চাইলে, সরাসরি কাউকে দেখেন নি বলে জানান তার। তবে দীর্ঘদিন ধরেই সম্পত্তি বিরোধের জেরে সৎ ছেলে ও ছেলের বৌ একাধিকবার মারধর সহ বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। এসব বিষয়ে থানায় একাধিক জিডি ও অভিযোগ সহ আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান ভুক্তভোগী ফাতেমা বেগম। নিজ পরিবার ও সন্তানদের বড় ধরনের ক্ষতির আশংকা ও অনিশ্চিতার কথা জানিয়ে ভুক্তভোগী ফাতেমা বেগম মঙ্গলবার বিকেলে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
বুড়িচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, এবিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।











