ব্রাহ্মণপাড়ায় হামলা : প্রতিবন্ধীসহ আহত তিন—মামলার বদলে ওসি নিলেন জিডি!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর গ্রামে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আব্দুল মালেক ও তার দুই ছেলে ইয়ামিন ও ইয়াছিন মিলে রিমা ও তার শিশু প্রিয়ার উপর নির্মম হামলা চালায়। রিমার পিঠে গভীর আঘাত, শিশুর চোখে অশ্রু, আর ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা আসবাব সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য তৈরি হয়।
এর আগে গত সপ্তাহেও একই গোষ্ঠী প্রতিবন্ধী আমির ইসলামের বসতঘরে ভাঙচুর চালায়। সেই ঘটনার ভিডিওসহ থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো মামলা নেয়নি। বরং সর্বশেষ হামলার পরও ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম মামলার পরিবর্তে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেন।
আহত রিমার স্বামী আমির ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা প্রতিবন্ধী পরিবারকে টার্গেট করে বারবার হামলা হচ্ছে, অথচ পুলিশ শুধু বলে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে। অভিযোগ তো আগেই দেওয়া হয়েছে, তাহলে ব্যবস্থা কোথায়?”
ওসির এই ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছে, সন্ত্রাসীরা দিনের আলোয় হামলা চালায়, নারী-শিশুকে রক্তাক্ত করে, ঘরবাড়ি ভাঙে, তবু পুলিশের কোনো তৎপরতা নেই। মামলার বদলে জিডি গ্রহণ করায় জনমনে প্রশ্ন উঠেছে পুলিশ কি ব্যর্থ, নাকি সন্ত্রাসীদের সঙ্গে গোপন আঁতাত রয়েছে?
মনোহরপুরের মানুষ এখন সরাসরি প্রশ্ন করছে: প্রশাসনের এই নীরবতা কি দায়িত্বহীনতা, নাকি সুবিধার বিনিময়ে আঁতাত?।





















