“নির্মাণসামগ্রী সরবরাহে বাধ্যতামূলক চাঁদা, থমকে যাচ্ছে উন্নয়ন”
চাঁদাবাজির জালে কুমিল্লার নির্মাণশিল্প

কুমিল্লা নগরীতে ভবন নির্মাণকে কেন্দ্র করে এক ভয়াবহ চাঁদাবাজি চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও মাস্তানচক্র ভবনের মালিকদের বাধ্য করছে নির্দিষ্ট সরবরাহকারীর কাছ থেকে নির্মাণসামগ্রী-ইট, বালি, রড ও সিমেন্ট-কিনতে। অন্যত্র থেকে মানসম্মত ও সাশ্রয়ী সামগ্রী সংগ্রহের চেষ্টা করলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনকি হুমকি-ধামকিরও শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।
একটি মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, তারা সমাজের দান-অনুদানে ভবন নির্মাণ শুরু করলেও স্থানীয় মাস্তানচক্র তাদের নির্ধারিত সরবরাহকারীর পণ্য নিতে চাপ দেয়। অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভবন মালিক বলেন, “আমরা নিজেদের অর্থে ভবন নির্মাণ করছি, অথচ আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী কিনতে বাধ্য করা হচ্ছে। প্রতিবাদ করলে হুমকি আসে, আর চুপ থাকলে বাড়ে ক্ষতি।”
কান্দিরপাড়ের বাসিন্দা মাসুদ সাহেল আহমেদ খান জানান, “এই চাঁদাবাজির ভয়ে অনেকেই মুখ বন্ধ করে কষ্ট সহ্য করছেন। কেউ প্রতিবাদ করলে তাকে ভয় দেখানো হয়।”
নগরীর সচেতন মহল বলছে, এই চাঁদাবাজি বন্ধ না হলে নির্মাণশিল্পে বিশৃঙ্খলা তৈরি হবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, “আমরা অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব। কেউ সরাসরি অভিযোগ না দিলেও আমাদের অবগত করলে আমরা পদক্ষেপ নেব।”
এই চাঁদাবাজি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার জন্যও হুমকি। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ না হলে কুমিল্লা নগরীর নির্মাণশিল্পে অরাজকতা ছড়িয়ে পড়বে, যা জনস্বার্থের পরিপন্থী।




















