কুমিল্লায় রমজানে বাজারে কঠোর নজরদারি
Oplus_131072
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মু. রেজা হাসান কুমিল্লা নগরীর রাজগঞ্জ চকবাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি খুচরা ও পাইকারি মূল্য যাচাই করেন, ব্যবসায়ীদের ক্রয় রসিদ পরীক্ষা করেন এবং বাজারে সরবরাহ পরিস্থিতি ও মজুত অবস্থা খতিয়ে দেখেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মূল্যবৃদ্ধির কারণও জানার চেষ্টা করেন তিনি।
জেলা প্রশাসক জানান, রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন অযৌক্তিকভাবে দাম না বাড়াতে পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানে দেখা যায়, শাক-সবজি ও মৌসুমি পণ্যের মধ্যে লেবু ও শসার দাম তুলনামূলক বেশি রাখা হয়েছে। গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও নির্ধারিত সীমার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং যৌক্তিক দামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এই তদারকি কার্যক্রম রমজানজুড়ে চলবে।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।





















