জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য অটুট রাখার অঙ্গীকার বিএনপির
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য অটুট রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনার পর যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং যা গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে—বিএনপি তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয় ধারণ করে এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিএনপি জানায়, সর্বসম্মতভাবে গৃহীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন বা সংকট সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবিচল থাকবে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতিও সভায় গভীর শ্রদ্ধা জানানো হয়।
প্রস্তাবে আরও বলা হয়, দীর্ঘ আলোচনার মাধ্যমে অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে—এমন প্রত্যাশা বিএনপির। একই সঙ্গে দলটি আশা প্রকাশ করেছে, কেউ যেন নিত্যনতুন প্রশ্ন উত্থাপন বা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিতব্য নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি না করে।
সভায় অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানানো হয়, জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা আইনানুগভাবে বাস্তবায়ন এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।



















