নড়াইলের দুই আসনে নির্বাচনী বিপর্যয় ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. আব্দুল ছালামের স্বাক্ষরিত ভোটের ফলাফলপত্র যাচাই করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নির্বাচনী বিধি অনুযায়ী প্রতিটি প্রার্থীকে নিরাপত্তাজনিত কারণে ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হয়। মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ হলে সেই জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়।
নড়াইল–১ আসনের চিত্র
নড়াইল–১ আসনে ১১২টি ভোটকেন্দ্রে (পোস্টাল ভোটসহ) মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার। যা মোট ভোটের ৬৪ দশমিক ১৭ শতাংশ। এখানে সাড়ে ১২ শতাংশ ভোটের সমীকরণ দাঁড়ায় ২৩ হাজার ৫৯৪ ভোট।
এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ছয়জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারান। তারা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের আব্দুল আজিজ
জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. মিল্টন মোল্যা
কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বি এম নাগিব হোসেন
ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন
হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জ্বল মোল্যা
ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুকেশ সাহা আনন্দ
নড়াইল–২ আসনের চিত্র
নড়াইল–২ আসনে ১৪৮টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন ভোটার, যা মোট ভোটের ৬৪ দশমিক ৬৫ শতাংশ। এখানে সাড়ে ১২ শতাংশ ভোটের সমীকরণ দাঁড়ায় ৩১ হাজার ৫৯৭ ভোট।
এই আসনে আট প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়। তারা হলেন—
জাতীয় পার্টির লাঙল প্রতীকের খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. তাজুল ইসলাম
গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. নূর ইসলাম
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের মো. শোয়েব আলী
জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন
নির্বাচনী ফলাফলের বড় চমক
নড়াইল–১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। দীর্ঘ ৩০ বছর পর এই আসনটি ফিরে পায় বিএনপি।
অন্যদিকে নড়াইল–২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হন। স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো এই আসনে জামায়াতের বিজয় নড়াইলের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
















