থানায় পুলিশের উপর পরিকল্পিত হামলা জামায়াত নেতাসহ ৯ অভিযুক্ত
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ নয়জন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় উপস্থিত থাকা সংবাদকর্মী তৌহিদুল ইসলাম কাননকেও আটক করে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে নিয়ে থানায় প্রবেশ করেন। ওসি সরোয়ারে আলমের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হয়। পুলিশের দাবি, তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধ করার চাপ দেন। ওসি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালে ক্ষিপ্ত হয়ে তারা ওসির ওপর চড়াও হন।
এসময় ওসি সরোয়ারে আলমসহ নয়জন পুলিশ সদস্যকে মারধর করা হয়। আহতদের মধ্যে রয়েছেন এসআই রাসেল আহমেদ, এএসআই রুহুল আমিন, এএসআই নুরুজ্জামান, এএসআই শাহ্ নেওয়াজ, এএসআই আশরাফুল, কনস্টেবল আব্দুল মজিদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও নারী কনস্টেবল মোস্তাকিনা। আহতরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
আহত এএসআই রুহুল আমিন জানান, হামলার সময় ইট দিয়ে আঘাত করায় তার ডান হাত ভেঙে যায়। তিনি বলেন, “এটা পরিকল্পিত হামলা মনে হচ্ছে। পুলিশের নিরাপত্তা কোথায়?”
পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রশিদুল বারী জানান, মামলার পর এক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



















