১৩ নভেম্বর রায় ঘোষণার আগেই সর্বোচ্চ সতর্কতা
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ জানাবে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
এই রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয়, সেজন্য রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায়। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, “রায়ের দিন কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না।”
পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব জেলার এসপিদের কাছে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে রায়ের দিন ঘিরে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ দেওয়া যাবে না। ঝটিকা মিছিল, ছদ্মবেশী উসকানি ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গোয়েন্দা সংস্থার তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা টিকটক ও ফেসবুকে “১৩ নভেম্বর শেখ হাসিনা দেশে ফিরছেন” এমন ভুয়া তথ্য ছড়িয়ে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে। এসব কার্যক্রমে জড়িতদের শনাক্ত করে তালিকা তৈরি করেছে পুলিশ। নজরদারির আওতায় রয়েছেন বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবীর নানক, নওফেলসহ কয়েকজন পলাতক নেতা।
ঢাকায় প্রবেশপথে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি চলছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মীয় উপাসনালয় ও সংবেদনশীল এলাকাগুলোতেও র্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ছদ্মবেশে মাঠে নেমে ঝটিকা মিছিলের চেষ্টা করছে। এসব অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।























