কুমিল্লার রাজনীতির স্থপতি আফজল খানের মৃত্যুবার্ষিকীতে অশ্রুসিক্ত শ্রদ্ধা
আজ ১৬ নভেম্বর, কুমিল্লার রাজনীতির কিংবদন্তি, বীর মুক্তিযোদ্ধা, সংগঠক ও শিক্ষানুরাগী জননেতা আফজল খান সাহেবের মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজা ছিল কুমিল্লার ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগমের ঘটনা, যেখানে দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশগ্রহণ করে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
আফজল খান ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের জেলা আহ্বায়ক। তাঁর হাত ধরেই কুমিল্লার বহু মন্ত্রী, এমপি, হুইপ ও রাজনৈতিক নেতার উত্থান ঘটে। অথচ নিজে কখনো এমপি বা মন্ত্রী হতে পারেননি। তাঁর একমাত্র কন্যা আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনে সরাসরি জয়ী হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও দলীয় চক্রান্ত ও প্রভাবশালীদের কারণে মনোনয়ন পাননি।
শিক্ষাক্ষেত্রে আফজল খানের অবদান অনস্বীকার্য। তিনি প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু ল কলেজ, মডার্ন স্কুল এবং আফজল খান জলুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আজ সমাজে প্রতিষ্ঠিত। তবে দুঃখজনকভাবে ২০১৪ সালের পর তাঁর নাম মুছে ফেলে অন্যকে প্রতিষ্ঠাতা হিসেবে দেখানো হয়, যা কুমিল্লার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।
রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে আফজল খান সাহেব বলেছিলেন, “শেষ বয়সে এসে দেখলাম, আমি আওয়ামী লীগের কেউ না।” কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি থেকে তাঁর নাম বাদ পড়া, প্রভাবশালীদের অবহেলা এবং জানাজায় অনুপস্থিতি—সব মিলিয়ে তাঁর প্রতি রাজনৈতিক অবিচার আজও কুমিল্লাবাসীর হৃদয়ে ক্ষোভের জন্ম দেয়।
তাঁর মৃত্যুর কিছুদিন পরই ইন্তেকাল করেন বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান, যিনি ছিলেন কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক। এরপর তাঁর স্ত্রীও পরলোকগমন করেন। এই পরিবারটি কুমিল্লার রাজনীতি ও সমাজে যে অবদান রেখেছে, তা আজও আলো ছড়ায়।
আজকের দিনে কুমিল্লাবাসী, রাজনৈতিক সহযোদ্ধা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আফজল খান সাহেবকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। তিনি ছিলেন এমন একজন নেতা, যিনি দলমত নির্বিশেষে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মতো প্রিয় নেতা আজ সমাজে বিরল।
আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এই প্রার্থনাই সকলের।























