প্রেস সচিব শফিকুল আলম
ভারতের নজরে হাসিনার প্রত্যর্পণ, কামাল ফিরছেন আগে
Oplus_131072
ভারত সরকার বাংলাদেশের অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে এই প্রত্যর্পণ প্রক্রিয়ার সূচনা হতে যাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, যিনি ‘ঢাকার কসাই’ নামে পরিচিত।
শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, “আমি বিশ্বাস করি—জুলাইয়ের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্ব একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন। ভারত ইতোমধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে।”
তিনি আরও বলেন, “আমরা জানি, হাসিনার শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন রয়েছে। তবুও আমি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল—যিনি ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত—খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা এখন বৈশ্বিক গণমাধ্যমের নজরে এসেছে।”
প্রেস সচিবের মতে, “কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুন না কেন, দায় এড়িয়ে যাওয়া চিরদিন সম্ভব নয়। আমরা যদি জাতি হিসেবে জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকি, তবে অপরাধীদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে…”
এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে।


















