পারিবারিক কলহ
একই বি-ষে দম্পতির আ-ত্ম-হননের চেষ্টা
Oplus_131072
পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নবদম্পতি। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে এক গ্রামীণ এলাকায়, যেখানে স্বামী-স্ত্রী উভয়েই বিষপান করে মৃত্যুর মুখে ঢলে পড়েন।
জানা যায়, ওইদিন সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে শাশুড়ির একটি তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে স্ত্রী বকুল (২২) হঠাৎ কীটনাশক পান করেন। স্ত্রীর এমন সিদ্ধান্তে হতবাক হয়ে এবং মায়ের প্রতি অভিমান করে স্বামী অপু (২৫)–ও বিষপান করেন।
অপুর চাচাতো ভাই আবদুল কুদ্দুস জানান, প্রথমে অপুর মায়ের সঙ্গে বকুলের কথা কাটাকাটি হয়। এরপর বকুল বিষপান করেন। তাঁকে নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত হয়ে পড়লে সেই ফাঁকে অপুও বিষপান করেন।
পরিবারের লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, “দুজনকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিই। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে এমন চরম সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক সমস্যার সমাধানে সংলাপ ও সহনশীলতা জরুরি, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

















