মায়ের স্নেহের আকাঙ্ক্ষায় তারেক রহমানের আবেগঘন বার্তা
Oplus_131072
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক আবেগঘন বার্তায় জানিয়েছেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো তাঁরও রয়েছে। তবে রাজনৈতিক বাস্তবতা ও সীমাবদ্ধতার কারণে এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তাঁর একক নিয়ন্ত্রণাধীন নয়।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বিএনপি চেয়ারপারসন ও তাঁর মা বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান। তিনি লেখেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।”
তারেক রহমান জানান, দেশ-বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধান উপদেষ্টা চিকিৎসার সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা ও সম্ভাব্য সহযোগিতার আকাঙ্ক্ষা জানানো হয়েছে।
তিনি আরও বলেন, “সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান লেখেন, “এই স্পর্শকাতর বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। তবে রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।”
তারেক রহমানের এই বার্তা রাজনৈতিক অঙ্গনে আবেগ ও আলোচনার জন্ম দিয়েছে। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রেখেছেন।

























