কারিগরি জটিলতায় বিলম্বিত খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স
Oplus_131072
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, কাতার থেকে উড্ডয়নের পূর্বে কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রা বিলম্বিত হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এতে রয়েছে অপারেশন থিয়েটারসহ উন্নত চিকিৎসার সব জরুরি সুবিধা।
তিনি বলেন, “আজ রাতেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল।”
মির্জা ফখরুল আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম থাকছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন ম্যাডামকে সুস্থভাবে বিদেশে নিয়ে যেতে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসতে সহায়তা করেন।”
বিএনপি মহাসচিব জানান, দেশি–বিদেশি চিকিৎসকদের যৌথ মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, সারাদেশের মানুষ জনপ্রিয় এই নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন এবং তার সফল চিকিৎসার অপেক্ষায় আছেন।






















