আওয়ামী এমপির সঙ্গে মিলেমিশে ছিলাম-মুন্সীর ভিডিও ঘিরে তোলপাড়
Oplus_131072
দেবিদ্বারে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। সম্প্রতি একটি উঠান বৈঠকে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
গত বুধবার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে মুন্সী বলেন, “গত ১৭ বছর দেবিদ্বারে কোনো রাজনীতি ছিল না। আমার নেতা-কর্মীদের রক্ষা করার জন্য আওয়ামী লীগের এমপি রাজী ফখরুলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে। পরে আবুল কালাম আজাদ এমপি হলে তার সঙ্গেও মিলেমিশে ছিলাম, যেন আপনাদের এলাকা ছাড়তে না হয়। তা না হলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো।”
এই বক্তব্যের ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয় তোলপাড়। অনেকেই ভিডিওটি শেয়ার করে নেতিবাচক মন্তব্য করেন।
ভিডিওতে আরও দেখা যায়, মুন্সী বলেন, “১/১১ এর সময় দেবিদ্বার থানা থেকে হ্যান্ডকাপ লাগিয়ে শুধু একটা গেঞ্জি পরিয়ে আমাকে পুরো দেবিদ্বার ঘোরানো হইছে। তারপরও আমি থেমে যাইনি। কারণ আমি এ এলাকার মানুষকে ভালোবাসি। আমার বয়স হয়েছে, কিন্তু সময়ের কারণে অনেক ওয়াদা পূরণ করতে পারিনি।”
এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
আফফান বিন আব্দুস সালাম মন্তব্য করেন, “তাহলে বুঝা গেল এখনো তাল মিলাবে। রক্তের সঙ্গে তো গাদ্দারী করতে পারবো নাহ।”
গোলাম রাসুল লেখেন, “বালু টাক কেন সরানো যায়নি এখান থেকেই বোঝা যায়।”
কেন্দ্রীয় যুব শক্তির সদস্য নাজমুল হাসান নাহিদ বলেন, “এই বক্তব্য শুনে তৃণমূল বিএনপির ভাইদের জন্য অনুশোচনা হচ্ছে। নেতারা রাতের আধারে আওয়ামী লীগ এমপিদের সঙ্গে মিলেমিশে চলতেন, আর তৃণমূল মার খেতো?”
মোহাম্মদ মামুন লেখেন, “সত্যি কথা বেশি দিন চাপা থাকে না। মীরজাফরী করে এখন নিজের মীরজাফরীকে নরমালাইজ করার জন্য যুক্তি দিচ্ছেন।”
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা-৪ আসনে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






















