চলে গেলেন আত্মশুদ্ধির আলোকবর্তিকা
Oplus_131072
বিশ্বখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রোববার লাহোরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন হজরতের খলিফা মাওলানা মাসুমুল হক এবং পাকিস্তানের ইসলামি গণমাধ্যম ম্যাসেজ টিভির পরিচালক আবদুল মতিন।
শায়খ জুলফিকার আহমদ ১৯৫৩ সালের ১ এপ্রিল পাঞ্জাবের ঝং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নকশবন্দি তরিকার একজন প্রভাবশালী সুফি শায়খ এবং দেওবন্দি চিন্তাধারার নিবেদিতপ্রাণ ধারক।
তাঁর প্রতিষ্ঠিত মাহদুল ফাকির আল ইসলামী আত্মশুদ্ধি, তাজকিয়া ও সুফি শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দেশ-বিদেশে তাঁর অসংখ্য মুরিদ ও অনুসারী রয়েছেন, যারা তাঁর নসিহত ও আধ্যাত্মিক দিকনির্দেশনায় জীবন গড়েছেন।
শায়খ জুলফিকার ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যসহ বহু দেশে দাওয়াতি সফর করেছেন। দারুল উলুম দেওবন্দসহ বহু গুরুত্বপূর্ণ ইসলামি প্রতিষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন। তাঁর বয়ান ও নসিহত ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তিনি ছিলেন একজন প্রথিতযশা লেখক। ফিকহ, আত্মশুদ্ধি, পারিবারিক জীবন ও নারীদের ইসলামি ভূমিকা নিয়ে তাঁর রচিত বহু গ্রন্থ মুসলিম সমাজে সমাদৃত হয়েছে।
তাঁর ইন্তেকালে ইসলামি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আলেম, মাশায়েখ ও ইসলামি ব্যক্তিত্বরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। মুসলিম উম্মাহ একজন অভিভাবকসুলভ আলেম ও আধ্যাত্মিক পথপ্রদর্শককে হারালো।

















