যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান
মধ্যপ্রাচ্যে কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ সংঘাত স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আয়োজক দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে ‘মেক অর ব্রেক’ পর্যায়ের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নেতৃত্বাধীন প্রতিনিধি দল গভীর রাতে ইসলামাবাদের কাছে একটি বিমানঘাঁটিতে অবতরণ করে। তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। নূর খান বিমানঘাঁটির লাল গালিচায় ভ্যান্সকে স্বাগত জানান মুনির। উপস্থিত ছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
তবে দুই পক্ষই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে অনড় অবস্থানে রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকানদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা সব সময়ই ব্যর্থতা আর প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে শেষ হয়েছে। অন্যদিকে ভ্যান্স বলেছেন, ইরান যদি সৎভাবে আলোচনা করে তবে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়াবে, কিন্তু ছলচাতুরি করলে প্রতিনিধি দল মোটেও নমনীয় হবে না।
যুদ্ধবিরতি ইতোমধ্যেই হুমকির মুখে পড়েছে। বিশেষ করে লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। গত বুধবার হিজবুল্লাহর প্রবেশের পর ভয়াবহ বোমা হামলায় কয়েকশ মানুষ নিহত হয়। ইরান লেবাননে হামলা বন্ধের দাবি জানালেও ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে।
পাকিস্তান জানিয়েছে, এই আলোচনায় নৌ-চলাচল, পারমাণবিক ইস্যু এবং অন্যান্য কারিগরি বিষয়ে সহায়তা দিতে বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হয়েছে। আলোচনার দিকে কড়া নজর রাখছে মিশর, তুরস্ক ও চীন। বেইজিং সম্ভাব্য জামিনদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ার জন্য একটি ঐতিহাসিক মোড় হতে পারে।




















