কুমিল্লা আদালতে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল প্রশাসনিক তদন্ত শুরু
Oplus_131072
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পেশকার রবিউল্লাহ ও অফিস সহায়ক ফারুক হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আদালত অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আদালতের কক্ষে আইনজীবীর কাছ থেকে টাকা গ্রহণের দৃশ্য স্পষ্টভাবে ধারণ করা হয়েছে।
ভিডিওর শুরুতে অফিস সহায়ক ফারুক হোসেনকে নীল কাগজের মামলার নথি হাতে দেখা যায়। একজন আইনজীবী তার মানিব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দেন, এরপর তিনি মামলার নথি প্রদান করেন। ভিডিওর ৪০ সেকেন্ডে দেখা যায়, আদালতের এজলাসের পাশে বসে থাকা পেশকার রবিউল্লাহ দুই দফায় টাকা গ্রহণ করে অফিসের ড্রয়ারে রেখে দেন।
ঘটনাটি ভাইরাল হওয়ার পর আদালত অঙ্গনসহ আইনজীবী মহলে ক্ষোভের ঝড় ওঠে। অনেকেই আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আদালত সূত্রে জানা যায়, বিষয়টি নজরে আসার পর উভয় কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং তারা লিখিত জবাব দাখিল করেছেন।
পেশকার রবিউল্লাহ জানান, কে ভিডিওটি ধারণ করেছে তা জানা নেই, তবে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছেন। অপরদিকে অফিস সহায়ক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী জানান, এদের বিরুদ্ধে আগেও অনৈতিক লেনদেনের অভিযোগ ছিল। এবার ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি আদালতপাড়ায় মুখে মুখে ছড়িয়ে পড়েছে।
প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে শোকজ করা হয়েছে, লিখিত জবাব পাওয়া গেছে, পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক জানান, ভিডিও ভাইরালের বিষয়টি তিনি জেনেছেন এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের এখতিয়ার সংশ্লিষ্ট আদালতের।
দীর্ঘ ২১ বছর ধরে একই আদালতে দায়িত্ব পালন ও প্রভাব বিস্তার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে আইনজীবী মহলে।




















