লাকসামের দুর্দান্ত জয়, পেরুলে ক্রীড়ার ছোঁয়ায় সমাজ বদলের ডাক
“যুব সমাজ মাদককে না বলুন”—এই প্রত্যয়কে সামনে রেখে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের তুলাগাছতলা মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মিনি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পেরুল ইন্টার ইয়ুথ ক্লাবের আয়োজনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাকসাম মানিক মিয়া ফুটবল একাদশ ও নাঙ্গলকোট ফুটবল একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ মহসিন মজার, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি রিংকু, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিন উদ্দিন।
উদ্বোধনী ম্যাচে লাকসাম মানিক মিয়া ফুটবল একাদশ ৩-০ গোলে নাঙ্গলকোট ফুটবল একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করে, ক্রীড়ার প্রতি মানুষের ভালোবাসা আজও অটুট। শীত উপেক্ষা করে দর্শকরা উপভোগ করেন এক মনোমুগ্ধকর ম্যাচ।
আয়োজক কমিটির পক্ষে সামির, সাইমুন, জামাল, হাসান, সোহাগ, আঃ রহিম ও ইয়াসিন টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত পেরুল ইন্টার ইয়ুথ ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।


















