রশি টানাটানিতে দক্ষিণ পাড়ার বিজয় আনন্দে মাতলো লালমাই
Oplus_131072
খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সাহস ও দলগত চেতনা গড়ে তোলে। সেই গুরুত্বকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ দুপুর ২টায় কুমিল্লার লালমাই উপজেলার কলমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলার নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার পারভীন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ উল্ল্যাহ, হাজী সামছুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনার মাকসুদুর রহমান।
এবারের আয়োজনে কলমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভূশ্চি প্রি-ক্যাডেট একাডেমি থেকে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়। তাদের জন্য আলাদা ইভেন্টের আয়োজন করা হয়। অতিথিরা বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রতি বছরের মতো এবছরও গ্রামবাসীদের জন্য আকর্ষণীয় রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়ার এই প্রতিযোগিতায় দক্ষিণ পাড়া বিজয় লাভ করে। তবে উভয় দলের অংশগ্রহণে মাঠে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।




















