চর্থায় ক্রিকেট উৎসব ফ্রিডম বয়েজের চ্যাম্পিয়ন জয়
Oplus_131072
কুমিল্লা নগরীর ১৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ চর্থা বড় পুকুর পাড় স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী দিবা–রাত্রি লিজেন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার, ৬ জানুয়ারি বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় তিনটি দল—বন্ধুত্বের বন্ধন একাদশ, ইউনিটি ফ্রেন্ডস সার্কেল এবং আয়োজক দল ফ্রিডম বয়েজ একাদশ।
উদ্বোধনী ম্যাচ শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মাঠে নামে বন্ধুত্বের বন্ধন একাদশ ও ইউনিটি ফ্রেন্ডস সার্কেল। ব্যান্ড পার্টির তালে তালে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
রাতের আলোয় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে ইউনিটি বন্ধনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আয়োজক ফ্রিডম বয়েজ ক্লাব। তিনটি দলকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী পুরস্কৃত করা হয়। প্রতিটি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার তুলে দেওয়া হয় সেরা খেলোয়াড়দের হাতে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, “চর্থা একটি ঐতিহ্যবাহী এলাকা। এখান থেকে অনেক গুণী মানুষ দেশকে প্রতিনিধিত্ব করেছেন। এই এলাকার সম্মান ধরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিব। তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন প্রতি বছর অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে আয়োজক ফ্রিডম বয়েজ ক্লাব। আয়োজক কমিটির প্রধান অস্ট্রেলিয়া প্রবাসী ইমতিয়াজ আহমেদ ইমতু ও ফয়সাল আনামকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই টুর্নামেন্ট সফল করতে নিরলস পরিশ্রম করেন ফ্রিডম বয়েজ ক্লাবের ইমতিয়াজ হোসেন ইম্পু, ফয়সাল আনাম, আমিনুর রহমান রাসেল, খাইরুল আনাম কনক, সোহেল, তুষার, মানিক, রাছেল, ইমতিয়াজ, গোপাল, আকছির, মিজান, কামাল, মুশু, সাখাওয়াতসহ অনেকেই।
দিনব্যাপী খেলা শেষে রাতের ভুড়িভোজের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে এই প্রাণবন্ত ক্রিকেট উৎসবের।























