নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আসিফের নতুন ভূমিকায় চমক
Oplus_131072
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। বরং নির্বাচনকালীন সময়ে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
দীর্ঘদিন ধরেই আসিফ মাহমুদের নির্বাচন করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তিনি ঢাকা-১০ ও কুমিল্লা আসন থেকে প্রস্তুতি নিচ্ছিলেন, এমনকি জনসংযোগও শুরু করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি ভোটে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান।
এর আগে ১০ ডিসেম্বর মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ ও আরেক ছাত্র প্রতিনিধি। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার দিন থেকেই তা কার্যকর হয়। এরপর থেকেই তাদের নির্বাচনমুখী প্রস্তুতি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
তবে নির্বাচনকেন্দ্রিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় এবং এনসিপির জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনের সিদ্ধান্তে বিভক্তি দেখা দেয়। তাসমিন জারা, তাজনূভা জাবীনসহ একাধিক নেতা এনসিপি থেকে সরে দাঁড়ান। ৩০ জন নেতা আহ্বায়ক বরাবর চিঠি দিয়ে জামায়াতের সঙ্গে জোট না করার আহ্বান জানান।
এই প্রেক্ষাপটে মাহফুজ আলম ফেসবুকে লেখেন, “এই এনসিপির অংশ আমি হচ্ছি না।” তিনি বিবিসি বাংলাকে জানান, “আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করব না।”
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নেবেন না। বরং তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফকে দলের নীতি নির্ধারণী কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ান। তার স্থলাভিষিক্ত হলেন আসিফ মাহমুদ।
আসিফের এই সিদ্ধান্ত ছাত্র রাজনীতির এক অধ্যায়ের অবসান ঘটালেও, তার নতুন ভূমিকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।




















