ভোট নয়, এটা ইনসাফের লড়াই—বিজয়পুরে উঠান বৈঠকে দ্বীন মোহাম্মদ
Oplus_131072
“ভোট নয়, এটা ইনসাফের লড়াই”—এই বার্তা নিয়েই কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও সেনানিবাস) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বিজয়পুর ইউনিয়নের রাজারখলা বটতলী বাজারে উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
রবিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনি অফিস উদ্বোধন ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
সকাল সাড়ে ৯টায় ভিক্টোরিয়া কলেজ ইন্টারসেকশন এলাকায় ছাত্র-জনতার উদ্যোগে দেয়ালচিত্র পুনঃস্থাপন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদ ওসমান হাদীর স্মরণে দেয়ালে প্রতিবাদের ভাষা ফিরিয়ে আনা হয় এবং চিকা মারার সামগ্রী বিতরণ করা হয়।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “শহীদের রক্ত ও তরুণ প্রজন্মের চেতনা কখনো কালির আঁচড়ে মুছে যাবে না। যারা দেয়ালের ভাষা বন্ধ করতে চায়, তারা ভয় পায় ন্যায় ও সত্যের রাজনীতিকে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর আমরা কথা বলতে পারিনি। যারা বলেছে, তাদের আয়নার ঘরে পাঠানো হয়েছে, কেউ কেউ খুন হয়েছেন। এবার জনগণের টাকা ভাগাভাগি নয়, এক টাকাও যেন অপচয় না হয় তা নিশ্চিত করব।”
বিকাল ৩টা ৩০ মিনিটে বিজয়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারখলা বটতলী বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হাজী আব্দুর রহমান। সঞ্চালনায় ছিলেন মো. জুয়েল এবং উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির, মহানগর ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, অঞ্চল পরিচালক মো. শাহাদাৎ হোসেন, ইউনিয়ন আমীর আব্দুল মুমিন, সেক্রেটারি শাহিন আহমেদ, এনসিপি নেতা মো. আল-আমিন ও প্যানেল চেয়ারম্যান যুবরাজ ভৌমিক।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “লালমাই পাহাড় জাতীয় সম্পদ। সঠিক ব্যবস্থাপনায় এটি পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হলে কুমিল্লার অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে।”
সন্ধ্যায় মধ্যম বিজয়পুর নমসুধপাড়া চৌমুহনীতে মাওলানা মুখবুল আহমেদের সভাপতিত্বে আরেকটি উঠান বৈঠকে অংশ নেন তিনি।
দিনব্যাপী কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করেন।





















