বিএনপির দুই পথ-এক গন্তব্য, বিভক্ত সমর্থন
Oplus_131072
ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) সংসদীয় আসনের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয়—বিএনপির দুই এমপি পদপ্রার্থীকে ঘিরে স্থানীয় জনমনে তৈরি হওয়া বিভক্তি ও কৌতূহল। চায়ের স্টল থেকে শুরু করে সামাজিক-সাংস্কৃতিক আড্ডা, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর দুই পরিচিত মুখ।
দলীয় মনোনয়ন পেয়েছেন সদ্য সাবেক জেলা আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। অন্যদিকে, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামা জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপস।
এই দুই নেতার জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও মাঠের কর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, “দুজনই দলের, যাকে যোগ্য মনে হয় তাকেই ভোট দেবো।” কেউ আবার স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন—“ধানের শীষ প্রতীকের বাইরে যাওয়ার সুযোগ নেই।” আবার কেউ কেউ দ্বিধায় রয়েছেন, কাকে সমর্থন করবেন তা নিয়ে।
এই দ্বৈত অবস্থান বিএনপির স্থানীয় রাজনীতিতে যেমন প্রাণচাঞ্চল্য তৈরি করেছে, তেমনি প্রশ্ন তুলেছে দলীয় ঐক্য ও কৌশলগত অবস্থান নিয়ে। একদিকে দলীয় প্রার্থী, অন্যদিকে দলেরই প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী—এই দুই পথের শেষ গন্তব্য এক হলেও সমর্থন বিভক্ত হয়ে পড়েছে মাঠপর্যায়ে।
নবীনগরের রাজনীতি এখন উত্তপ্ত, আর ভোটারদের চোখ এখন তাকিয়ে আছে—কে পাবেন শেষ হাসি?



















