লাকসামে গণিত শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু
Oplus_131072
কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও এলাকায় এক গণিত শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। রবিবার (১৮ জানুয়ারি) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর মো. শাহ আলমের বাড়ির পাশের একটি বাসার নিচতলার কক্ষ থেকে শরিফুল ইসলাম (৩০) নামের ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শরিফুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের বাসিন্দা। তিনি পশ্চিমগাঁও আল আমিন ইন্সটিটিউটের খণ্ডকালীন গণিত শিক্ষক হিসেবে গত চার মাস ধরে কর্মরত ছিলেন এবং বিদ্যালয়ের পাশেই একা বসবাস করতেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর ভাতিজা নাঈম দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, খাটের ওপর নিথর অবস্থায় পড়ে আছেন শরিফুল। চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সহকর্মীরা জানান, রবিবার তিনি শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন না এবং ফোন রিসিভ না করায় সন্দেহ জাগে। স্থানীয়দের ধারণা, তিনি ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষমাণ। তদন্ত অব্যাহত রয়েছে।


















