বরুড়ায় আড্ডা ডিগ্রী কলেজ কেন্দ্রে ধানের শীষের দাপুটে জয়, আলোচনায় প্রবাসী বাতেন মুন্সি
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রী কলেজ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন উল্লেখযোগ্য ব্যবধানে বিজয় অর্জন করেছেন। এ কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৩ হাজার ২৮২ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫০০ ভোট।
ফলাফল ঘোষণার পরপরই কেন্দ্র এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী সমাজসেবক বাতেন মুন্সির অক্লান্ত পরিশ্রম, ধারাবাহিক গণসংযোগ এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার কারণে এ কেন্দ্রে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়।
নির্বাচনের দিন সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দলীয় নেতারা বলেন, সংগঠিত প্রচারণা, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং উন্নয়নমুখী প্রতিশ্রুতির ফলেই এ কেন্দ্র থেকে উল্লেখযোগ্য ভোটে জয় নিশ্চিত হয়েছে। তারা এ বিজয়কে জনগণের রায় হিসেবে উল্লেখ করে আগামী দিনগুলোতে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
















