শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জেলা নেতা জামাল খন্দকারের নিজ ইউনিয়নে বিএনপির ভরাডুবি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৫ পিএম
জেলা নেতা জামাল খন্দকারের নিজ ইউনিয়নে বিএনপির ভরাডুবি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কুমিল্লা মহানগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল খন্দকারের নিজ ইউনিয়ন ময়নামতিতে বিএনপির প্রতীক ধানের শীষ প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি। স্থানীয় ভোটারদের ধারণা ছিল নেতার নিজ এলাকায় বিএনপি শক্ত অবস্থান তৈরি করবে, কিন্তু কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

 

কেন্দ্রভিত্তিক ফলাফল স্থানীয় সূত্র অনুযায়ী, শাহদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জামায়াত ৮০৩, বিএনপি ৬২৬, ময়নামতি দারুস সুন্নাহ আলীম মাদ্রাসা কেন্দ্র, জামায়াত ৫৮০, বিএনপি ৪৪২, কাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দাঁড়িপাল্লা (জামায়াত) ২৪২৩, ধানের শীষ (বিএনপি) ১৪৭৪ স্থানীয়দের মতে, সাংগঠনিক দুর্বলতা ও দীর্ঘদিনের অসন্তোষের কারণে ভোটাররা বিএনপির প্রতি আস্থা রাখতে পারেননি। কিছু ভোটার অভিযোগ করেছেন, নেতৃত্বে দুর্বলতা থাকায় দলটি জনমনে গ্রহণযোগ্যতা হারিয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফলাফল বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ ও জনঅসন্তোষের প্রতিফলন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম
কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত একটি গাভী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মুন্সির বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নজরে এলে তার নির্দেশনায় দাউদকান্দি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— ইব্রাহিম মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, হযরত আলী ও বিল্লাল।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাভীটি উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে শাহজাহান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম বলেন, ‘অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদারের ফলে দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

দীপা সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫২ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। অবশেষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

 

পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম
কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে ছিল পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। সেই পথ পেরিয়ে আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছেন মোঃ শাহরিয়ার। দৈনিক জনতার মতামত পত্রিকার সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। সীমিত সুযোগের মধ্যেও সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে খবর পাঠানো সবকিছুতেই ছিল তার একাগ্রতা।

 

প্রথম দিনগুলো সহজ ছিল না। প্রতিটি সংবাদ তৈরির পেছনে ছিল শ্রম আর নির্ঘুম রাত। তবুও থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে নিজের কাজের মান, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে জায়গা করে নেন সহকর্মী ও কর্তৃপক্ষের আস্থার কেন্দ্রে। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে সাব-এডিটর পদে পদোন্নতি দেওয়া হয়।

 

সাব-এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরও থামেননি মোঃ শাহরিয়ার। বরং আরও বেশি দায়িত্ববোধ নিয়ে কাজ করে গেছেন। প্রতিটি সংবাদে তিনি রেখেছেন সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতার ছাপ। বছরের পর বছর একই ধারাবাহিকতায় কাজ করে গেছেন তিনি। তার এই দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং দক্ষতার মূল্যায়ন করেছেন দৈনিক জনতার মতামত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়।

 

অবশেষে সেই স্বীকৃতির শীর্ষে পৌঁছে তাকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এটি শুধু একটি পদোন্নতি নয়, এটি এক সংগ্রামী পথচলার অর্জন, এক স্বপ্ন পূরণের গল্প।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ শাহরিয়ার বলেন, এই অর্জন তার একার নয়। এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। তিনি বলেন, প্রতিটি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর সমর্থন তাকে শক্তি জুগিয়েছে সামনে এগিয়ে যেতে। তিনি আরও জানান, সততা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিনি গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যেতে চান।

 

সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্যারের দিকনির্দেশনা ও বিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সবশেষে তিনি সহকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দৈনিক জনতার মতামত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। তার এই পদোন্নতি পত্রিকার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

×
Skip to toolbar