চান্দিনায় মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Oplus_131072
কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে একই ঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মুজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) এবং তার সাত বছরের শিশু কন্যা ফাসিহা। মুজাহিদুল ইসলাম রাজধানীর একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি একটি প্রাইভেট অফিসে চাকরি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকে, বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করে। ছোট মেয়েকে নিয়ে শ্বাশুরীর সঙ্গে বাড়িতে থাকতেন ফারহানা। রবিবার সকালে শ্বাশুরী কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন।
প্রতিবেশী রাসেল মজুমদার জানান, জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় এক কক্ষে শিশুটি ঝুলন্ত অবস্থায় এবং অপর কক্ষে ফারহানার মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি একই ঘরের দুই কক্ষে মা ও মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ নামিয়ে রেখেছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শত শত মানুষ ভিড় জমায়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















