কুমিল্লায় বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থী মনোনয়ন সংগ্রহ
Oplus_131072
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। ইতোমধ্যে জেলার ১১টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত ৫ জন এবং আরও ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার ও সোমবার (১৪ ও ১৫ ডিসেম্বর) এই সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং জেলা পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিঙ্কু।
একই দিনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী এবং জামায়াতে ইসলামীর সাইফুল ইসলাম সহিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম।
এছাড়া কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সেলিম মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াতের শফিকুল আলম হেলাল এবং স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জামায়াত প্রার্থী সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, “আমার পক্ষে দুই উপজেলা ও পৌর জামায়াতের আমীরসহ ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনী কার্যক্রম ইতিবাচকভাবে এগোচ্ছে। ইনশাল্লাহ ভালো ফলাফল আশা করছি।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল ১১ জানুয়ারি পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।






















