দেবিদ্বারে নির্বাচনী সমঝোতা জামায়াত প্রার্থী সরে দাঁড়ালেন এনসিপির পক্ষে
Oplus_131072
দেবিদ্বার (কুমিল্লা-৪) আসনে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এই আসনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্ত জানান। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে তিনি এই আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।
এর আগে বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি যুক্ত হয়ে দশ দলীয় জোট গঠিত হয়েছে। এই বৃহত্তর ঐক্যের অংশ হিসেবে কুমিল্লা-৪ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়।
সাইফুল ইসলাম শহীদ বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমরা দেশ, মানুষ ও দ্বীনের কল্যাণে রাজনীতি করি। দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত নির্দেশনা।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী প্রচারণায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি চিরঋণী। দ্বীন বিজয়ের আন্দোলনে আমরা সবাই একসাথে থাকব।”
দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, “এটি সাইফুল ইসলাম শহীদের ব্যক্তিত্ব ও দলীয় শৃঙ্খলার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সবাই মিলেমিশে দেবিদ্বারের উন্নয়নে কাজ করব।”




















