মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ডিবি পুলিশের অভিযানে ট্রাকচালক আলাউদ্দিন হত্যা মামলার মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার, লুণ্ঠিত চিনি উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম
ডিবি পুলিশের অভিযানে ট্রাকচালক আলাউদ্দিন হত্যা মামলার মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার, লুণ্ঠিত চিনি উদ্ধার।
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

ট্রাকচালক আলাউদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মূল হোতা নুর হোসেন মুন্নাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ চিনি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলাউদ্দিন (৩১) ভোলা জেলার লালমোহন থানার রায়চাঁদ গ্রামের বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির ২৭ মেট্রিক টন সাদা চিনি বোঝাই একটি কন্টেইনার ট্রাক (রেজি: চট্টমেট্রো-শ-১১-০৬৫৫) চালিয়ে গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম বন্দর এলাকা থেকে টঙ্গী, গাজীপুরের উদ্দেশে রওনা দেন। তবে তিনি নির্ধারিত গন্তব্যে না পৌঁছালে ট্রাকের মালিক নাজমুল হোসেনের সন্দেহ হয়।
গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটির অবস্থান কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জগন্নাথ দীঘির পাড় এলাকায় শনাক্ত করা হয়। পরে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে মনোহরগঞ্জ থানার বিপুলাসার বড় কাচি এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পাশে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া যায়।
ট্রাকটি খুলে ভেতরে ঢুকে চালকের সিটের পেছনে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ট্রাকচালককে হত্যা করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২৭ মেট্রিক টন চিনি, প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল ফোন লুট করে নেয়।
এ ঘটনায় ট্রাকের মালিক নাজমুল হোসেন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর পুলিশ সুপার, কুমিল্লার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ডিবির একটি চৌকস দল ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা নুর হোসেন মুন্নাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত চিনি ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নুর হোসেন মুন্না (২৮), মিন্টু বড়ুয়া (৩৬), শাহাদাত হোসেন রকি (২৬), আমিনুল ইসলাম (৫৫) ও বাবলু (৩৯)। তাদের মধ্যে শাহাদাত হোসেন রকির বিরুদ্ধে পূর্বে দুটি এবং বাবলুর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৯৯ বস্তা চিনি, ৮৪টি খালি চিনির বস্তা এবং প্যাকেজিং কাজে ব্যবহৃত দুটি ইলেকট্রিক মেশিন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাংবাদিক নির্যাতন বাড়ছে, বিচারহীনতায় ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা : কুমিল্লায় ৮ সাংবাদিককে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম
সাংবাদিক নির্যাতন বাড়ছে, বিচারহীনতায় ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা : কুমিল্লায় ৮ সাংবাদিককে সম্মাননা

 

সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা বাড়লেও এসব অপরাধের যথাযথ বিচার হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সাংবাদিক নির্যাতনের প্রবণতা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজে অপরাধ ও অনিয়ম আরও বাড়বে বলে মনে করছেন সাংবাদিক নেতারা।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপস।

বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বরং ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির ঘটনা বেড়েছে বলে তাঁরা উল্লেখ করেন। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ করা কঠিন হবে।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সহসভাপতি ও এই সময় পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মীর সাহালম।

এ ছাড়া বক্তব্য দেন দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো. শহীদুল্লাহ মিয়াজী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মো. শহীদুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম শফি, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, দৈনিক আজকের দর্পনের জেলা প্রতিনিধি রবিউল বাশার খান, সময় টিভির জেলা রিপোর্টার জহিরুল হক বাবু, সাপ্তাহিক গোমতীর সম্পাদক মোবারক হোসেন এবং দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমিল্লায় কর্মরত সন্ত্রাসী হামলার শিকার আট সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, স্টার নিউজের প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, যুগান্তরের সাবেক চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, একুশে বাংলা পত্রিকার সম্পাদক মো. সাখাওয়াত হাফিজ, বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক এবং মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আরিফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সহসভাপতি, লেখক ও কলামিস্ট ডা. আবদুল আউয়াল। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যরা।

আলোচনা সভায় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক নেতারা।

৪ নভেম্বর থেকে তিন দিন দেশে গ্যাস সরবরাহ কমবে, স্বল্পচাপের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম
৪ নভেম্বর থেকে তিন দিন দেশে গ্যাস সরবরাহ কমবে, স্বল্পচাপের আশঙ্কা

Oplus_131072

মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট ঘাটতি তৈরি হতে পারে। সাময়িক এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করার আশঙ্কা রয়েছে।

দেশে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমতে যাচ্ছে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে ৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ প্রায় ১ হাজার ৯২০ মিলিয়ন ঘনফুট। সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকালীন এ সরবরাহ কমে প্রায় ১ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ প্রতিদিন প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমবে।

সরবরাহে এ ঘাটতির কারণে ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। বিশেষ করে বাসাবাড়ি, শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে সাময়িক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এলএনজি টার্মিনালের নিয়মিত ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় চালুর মাধ্যমে স্বাভাবিক সরবরাহ পরিস্থিতি ফিরিয়ে আনার কথা রয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

হোমনায় গাউছিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি ঘোষণা

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম
হোমনায় গাউছিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি ঘোষণা

কুমিল্লার হোমনায় গাউছিয়া কমিটি বাংলাদেশ হোমনা উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বড়কান্দা এলাকার তাহেরিয়া সাবেরিয়া খানকাহ শরীফে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে মোঃ মকবুল হোসেন মাস্টারকে সভাপতি, মোঃ আবুল খায়েরকে সাধারণ সম্পাদক, মোঃ খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ আলমগীর হোসাইনকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ হোমনা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুহাম্মদ মকবুল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান টিপু ও কাদেরিয়া তৈয়্যবিয়া হাফিজিয়া এতিমখানা কমপ্লেক্সের মুহতামিম মুফতি মো. নেছার উদ্দিন তাহেরী।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশের ঢাকা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় আলেম-ওলামা ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও আকিদা প্রচার, কাদেরিয়া তরিকার প্রসার এবং আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি মানবকল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মোনাজাত পরিচালনা করেন পীর মুফতি মাওলানা মো. আব্দুস সাত্তার ভূঁইয়া, অধ্যক্ষ, হোমনা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা।
আয়োজনে: গাউছিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখা, কুমিল্লা।

×