মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

কুবিতে ইএলডিসি ক্লাবের উদ্যোগে ইন্টারন্যাশনাল ইকো লিডারশিপ সামিট অনুষ্ঠিত

দীপা সরকার: প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ পিএম
কুবিতে ইএলডিসি ক্লাবের উদ্যোগে ইন্টারন্যাশনাল ইকো লিডারশিপ সামিট অনুষ্ঠিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইএলডিসি ক্লাবের উদ্যোগে ইন্টারন্যাশনাল ইকো লিডারশিপ সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই সামিটের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন বিষয়ে ধারণা দেওয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন, প্রাইম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান এবং শিশুলাজের চেয়ারম্যান ও ডিরেক্টর আজম খান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী অন্বেষা নাথ বলেন, “আজকের সেমিনারটি ছিল খুবই গুছানো। এখানে আমরা ইকো লিডারশিপসহ বর্তমান সময়ে কীভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়, সে বিষয়ে ধারণা পেয়েছি। দলীয় কাজের মাধ্যমে বিষয়গুলো আরও পরিষ্কার হয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছি। প্রযুক্তির অগ্রগতির ফলে সৃষ্ট নতুন সমস্যাগুলোর সমাধান সম্পর্কেও ধারণা পেয়েছি। সার্বিকভাবে সেমিনারটি ছিল সময়োপযোগী ও কার্যকর।”

প্রাইম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান বলেন, “আমার সঙ্গে প্রায় দেড়শ’ জনের বেশি স্টাফ কাজ করেন। আমি সত্যিই তরুণদের খুব ভালোবাসি এবং আমাদের প্রতিষ্ঠানও তরুণদের অনুপ্রাণিত করতে সবসময় আগ্রহী। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন, আমরা এ বছর অনেক প্রোগ্রাম করেছি। গত বছর থেকে ধারাবাহিকভাবে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশে আমরা প্রথম ব্যাংক হিসেবে এই প্রোগ্রামটি করছি। আমাদের একটাই উদ্দেশ্য—তরুণদের উন্নয়নে কাজ করা।

প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, “আজ এখানে যাদের দেখছি, তারা সবাই স্বপ্ন নিয়ে এসেছে। আর স্বপ্ন দেখানোর মানুষগুলোও সামনে বসে আছেন। অনেক উপস্থাপক ও প্রতিনিধি—আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখান থেকে আমি কী দিতে পারব, সেটি গুরুত্বপূর্ণ নয়; আপনারা কী নিতে পারবেন, সেটিই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, আগে পৃথিবী থাকতে হবে, তারপর আমরা। আমরা পৃথিবীকে নষ্ট করে ফেললে নিজেরাও টিকে থাকতে পারব না। আজকের পুরো দিনটি কাজে লাগিয়ে সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করুন। যারা সর্বোচ্চটা নিতে পারবে, তারাই একদিন এখানে এসে কথা বলার সুযোগ পাবে।”

শিশুলাজের চেয়ারম্যান ও ডিরেক্টর আজম খান বলেন, “আমরা প্রায় ২৮টি সেক্টর নিয়ে কাজ করে থাকি। সমস্যা চিহ্নিত করার পাশাপাশি তার সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রেনিং প্রোগ্রামে আমরা শুধু সার্টিফিকেটের জন্য আসিনি; বরং একটি ভালো ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়েই এসেছি। আমি চেষ্টা করব, আপনারা যেন সেরা সুযোগগুলো পান। আশা করি আপনারা সেই সুযোগগুলো কাজে লাগাবেন।

ইএলডিসির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বৈশ্বিক পরিবেশনীতি, টেকসই উন্নয়ন এবং নেতৃত্ব বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে। বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, টিমওয়ার্ক, প্রেজেন্টেশন এবং এক্সপার্ট ট্রেইনারদের দিকনির্দেশনা ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জন করেছে। এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হয়েছে। ভবিষ্যতেও এলডিসি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৪ এএম
নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

কুমিল্লা নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটেছে। টানা তিন দিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সংশ্লিষ্টদের পারস্পরিক সমঝোতা এবং প্রশাসনের হস্তক্ষেপে বিরোধ মিমাংসা হয়েছে। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শান্তির বার্তা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়, যা এলাকায় আতঙ্ক ও অস্থিরতা তৈরি করে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি সমাধানে এগিয়ে আসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব।
রোববার (২৭ এপ্রিল) মানবিক সংগঠন ‘বিবেক’-এর কার্যালয়ে উভয় পক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের আন্তরিক উদ্যোগ, আলোচনা এবং দক্ষ মধ্যস্থতায় দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে ঘোলাটে করে ফায়দা লুটতে চেয়েছিল। তবে সময়োপযোগী পদক্ষেপের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং বিরোধ বড় আকার ধারণ করতে পারেনি। এ ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
মিমাংসা বৈঠকে উভয় পক্ষকে ভবিষ্যতে আরও সহনশীল ও সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সংঘর্ষে গুলিবিদ্ধ ইয়ানের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর বিষয়ে কঠোর সতর্কতাও প্রদান করা হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই সমঝোতার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সংঘর্ষ: আহত ৪

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৯ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সংঘর্ষ: আহত ৪

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাদী মোঃ হালিমের পরিবারের চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে প্রথম দফার সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিবাদী মোঃ সুমন, তার পিতা ইউছুফ ও স্ত্রী জেসমিন বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির উঠানে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা বাদীর ছেলে ও উপস্থিত স্বাক্ষীদের ওপর লাঠি ও স্টিলের পাইপ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হামলার সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

একই দিন বিকাল ৫টার দিকে চান্দিনা ডাকঘরের সামনে দ্বিতীয় দফায় আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাদীর স্ত্রী ও ছেলেকে অটোরিক্সা থেকে নামিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তারা রক্তাক্ত জখম হন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। আহতদের মধ্যে বাদীর স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাদী মোঃ হালিম চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২১)। তদন্ত কর্মকর্তা বিমল দাস জানান, একই ঘটনায় বিবাদীপক্ষও পাল্টা একটি মামলা করেছে (মামলা নং-২২)। উভয় মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাদী মোঃ হালিম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। তার দাবি, বিবাদীপক্ষ এক বছর আগের পুরনো ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। তিনি বিষয়টি আদালতের মাধ্যমে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শুভ্রের মা’ম’লার আসামিদের বি’রু’দ্ধে গ্রে’প্তা’রি পরোয়ানা, তবু থামেনি অ’প’রাধ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৮ পিএম
শুভ্রের মা’ম’লার আসামিদের বি’রু’দ্ধে গ্রে’প্তা’রি পরোয়ানা, তবু থামেনি অ’প’রাধ

 

কুমিল্লায় পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা একাধিক মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা এখনো পলাতক রয়েছে। অভিযোগ উঠেছে, এসব আসামি ও তাদের সহযোগী চক্র আদালতের নির্দেশ অমান্য করে ধারাবাহিকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, তাঁর দায়ের করা জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ১৪ নভেম্বর ২০২৪)–এ নামীয় ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচার প্রক্রিয়া বিঘ্নিত না করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।

তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে আসামিরা তাঁকে ও তাঁর পরিবারকে নানা উপায়ে ভয়ভীতি দেখাচ্ছে। মামলার সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অপহরণের চেষ্টা, চাঁদা দাবি, ফেসবুকে অপপ্রচার, সম্মানহানি, মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করা, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

বাদীর ভাষ্য, আসামিদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টা, অস্ত্র নিয়ে হামলা, বাসার সামনে কাফনের কাপড় রেখে হুমকি, গোপন ক্যামেরা স্থাপনের চেষ্টা এবং মোটরসাইকেল ও প্রাইভেটকার ব্যবহার করে নজরদারির মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “জি আর মামলা রেকর্ড হওয়ার পর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্নভাবে আমাকে পেশাগত কাজে বাধা দেওয়া হচ্ছে। আমার ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ ছাড়া দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫)–তেও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার হয়নি। দুটি মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য হওয়ায় দ্রুত গ্রেপ্তার ও চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, সাম্প্রতিক আরেকটি সি আর মামলা (নং-৬১৫/২৬, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ রেকর্ড হয়েছে। দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/৩৮৫/৩৬৫/৪২০/৫১১/৫০০/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরও জানান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারেও তিনি লিখিত অভিযোগ করেছেন। আইজিপির অভিযোগ সেল থেকে ১২ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে দ্রুত নিষ্পত্তির জন্য কুমিল্লার পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার কুমিল্লা ২৪ মার্চ ২০২৬ তারিখে নির্দেশনা গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কোতোয়ালি থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে আমরা বাদীর বাসায় গিয়েছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই মামলার পাশাপাশি উল্লিখিত আসামিদের বিরুদ্ধে আরও একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

বাদীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসামিরা আরও বড় ধরনের অপরাধ সংঘটিত করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ পুরো অপরাধী চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

×
Skip to toolbar