ইলিয়টগঞ্জে দুই বাসের সংঘর্ষের পর স্লিপার কোচে আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা
Oplus_131072
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় দুই বাসের সংঘর্ষের পর রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের সব যাত্রী দ্রুত বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জের রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি মহাসড়কের ঢাকামুখী লেনে যাচ্ছিল। এ সময় সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা অন্য একটি বাসে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তেমন কেউ হতাহত হননি। তবে বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন।
তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

















