শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় ১৬ বছরের জোবায়েদ নিখোঁজ, সন্তানের অপেক্ষায় স্বজনদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ পিএম
কুমিল্লায় ১৬ বছরের জোবায়েদ নিখোঁজ, সন্তানের অপেক্ষায় স্বজনদের আহাজারি

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা জিনার পুকুরপাড় এলাকা থেকে ১৬ বছর বয়সী জোবায়েদ ইবনে জিয়াম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্তানকে ফিরে পেতে স্বজনরা উদ্বেগ ও উৎকণ্ঠায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।

নিখোঁজ জোবায়েদ ইবনে জিয়ামের বাবার নাম রাজন মিয়া, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তার বয়স ১৬ বছর। সে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা জিনার পুকুরপাড় এলাকার বাসিন্দা।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে জোবায়েদ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেন। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় জোবায়েদের পরনে ছিল ছাই রঙের টি-শার্ট ও কালো রঙের জগিং প্যান্ট। তার গায়ের গঠন চিকন এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ থেকে ৫ ফুট ৬ ইঞ্চি।

সন্তানকে ফিরে পাওয়ার জন্য পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন। জোবায়েদ কোথায় আছে, কী অবস্থায় আছে—এ নিয়ে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

কোনো সহৃদয় ব্যক্তি জোবায়েদের সন্ধান পেলে অথবা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ :

📞 ০১৯৪০৮৭৪৯৩২

📞 ০১৯৪৬১৬৯৫৮৮

একটি ফোনকলই পারে উৎকণ্ঠায় থাকা একটি পরিবারকে স্বস্তি দিতে। জোবায়েদের সন্ধান পেলে দয়া করে ওপরের নম্বরে যোগাযোগ করুন।

হোমনায় চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনপ্রত্যাশী হাবিবুর রহমান মুকুলের গণসংযোগ

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম
হোমনায় চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনপ্রত্যাশী হাবিবুর রহমান মুকুলের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলার ২নং ঘাগুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থনপ্রত্যাশী মোঃ হাবিবুর রহমান মুকুল গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার মানুষের কাছে নিজের প্রার্থিতার কথা তুলে ধরেন এবং সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মোঃ হাবিবুর রহমান মুকুল বলেন, “আমি নির্বাচিত হতে পারলে ২নং ঘাগুটিয়া ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিশেষ গুরুত্ব দেব। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ইউনিয়নের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল সেবা ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। কোনো প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য।”

মুকুল বলেন, “আমি ঘাগুটিয়া ইউনিয়নের সন্তান। এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে থাকতে চাই। আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করছি। এ জন্য ইউনিয়নবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, মোঃ হাবিবুর রহমান মুকুল ২নং ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং হোমনা উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থনপ্রত্যাশী হিসেবে মাঠপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সাংবাদিকের নাম ব্যবহার করে এসপির কাছে অভিযোগ, নেপথ্যের ব্যক্তি শনাক্তে থানা ও এসপির দ্বারস্থ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৪৯ এএম
সাংবাদিকের নাম ব্যবহার করে এসপির কাছে অভিযোগ, নেপথ্যের ব্যক্তি শনাক্তে থানা ও এসপির দ্বারস্থ সম্পাদক

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) বরাবর দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরীর নাম ব্যবহার করে লিখিত অভিযোগ দায়েরের ঘটনা সামনে এসেছে। তবে অভিযোগটি নিজের করা নয় বলে দাবি করেছেন সিরাজুল ইসলাম। তাঁর নাম-পরিচয় ব্যবহার করে কে বা কারা এ অভিযোগ দায়ের করেছেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

জানা গেছে, পুলিশ সুপারের কার্যালয়ে দাখিল করা লিখিত অভিযোগটি বিরুদ্ধে সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী উল্টো অভিযোগ দায়ের করলে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। এদিকে নিজের নাম ও পরিচয়ের অপব্যবহারের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী।

আবেদনে তিনি উল্লেখ করেন, সম্প্রতি জানতে পারেন, কুমিল্লার পুলিশ সুপার বরাবর তাঁর নাম ব্যবহার করে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে তাঁকে নিবেদক হিসেবে উল্লেখ করা হলেও তিনি দাবি করেন, ওই অভিযোগ তিনি করেননি এবং এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না।

পরবর্তীতে অভিযোগপত্রে যাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগের একটি কপি তাঁকে পাঠিয়ে জানতে চান, কেন তিনি তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। তখনই প্রথমবারের মতো বিষয়টি জানতে পারেন তিনি।

সিরাজুল ইসলামের দাবি, অভিযোগপত্রে তাঁর প্রকৃত নাম ও ঠিকানাও যথাযথভাবে উল্লেখ করা হয়নি। এতে তাঁর কোনো স্বাক্ষর নেই এবং ব্যবহৃত মোবাইল নম্বরটিও তাঁর নয়। তাঁর অনুমতি, সম্মতি কিংবা অবগতি ছাড়াই তাঁর নাম-পরিচয় ব্যবহার করে অভিযোগপত্রটি তৈরি ও দাখিল করা হয়েছে বলে তিনি মনে করছেন।

জিডির আবেদনে অভিযোগপত্রটি হোয়াটসঅ্যাপে পাঠানো ব্যক্তির ব্যবহৃত +880 1988-766700 নম্বরটি উল্লেখ করেছেন তিনি। অভিযোগপত্রটি ওই ব্যক্তি কোথা থেকে পেয়েছেন, কে তাঁকে দিয়েছেন এবং অভিযোগ তৈরি ও দাখিলের পেছনে তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন।

তাঁর মতে, ওই ব্যক্তির কাছে অভিযোগপত্রটি পৌঁছানোর উৎস অনুসন্ধান এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে অভিযোগপত্রটি কে তৈরি করেছেন, কে পুলিশ সুপারের কার্যালয়ে জমা দিয়েছেন এবং কী উদ্দেশ্যে তাঁর নাম ব্যবহার করা হয়েছে, তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, একজন সংবাদকর্মীর নাম ব্যবহার করে অন্য ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনা অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগজনক। এতে তাঁর ব্যক্তিগত পরিচয়, সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করতে চান না; বরং প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে চান।

এ ঘটনায় পুলিশ সুপারের কার্যালয়ে তদন্ত কার্যক্রম শুরু হওয়ায় অভিযোগপত্রটির প্রকৃত উৎস ও নেপথ্যের ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনের বিষয়টি এখন তদন্তের অপেক্ষায়।

১৯ বছর ৭ মাস পর ডাকাতি মামলার রায়! ৮ আসামির কারাদণ্ড, একজন খালাস

তাপস চন্দ্র সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম
১৯ বছর ৭ মাস পর ডাকাতি মামলার রায়! ৮ আসামির কারাদণ্ড, একজন খালাস

কুমিল্লার সদর দক্ষিণে প্রায় ১৯ বছর আগের একটি ডাকাতি মামলায় আট আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর সাতজনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২-এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।

 

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আবাদ মিয়া। আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অপর সাত আসামি হলেন মো. রফিকুল ইসলাম, মনির হোসেন, মো. আবুল খায়ের ওরফে মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, মো. তাজুল ইসলাম, মজিবুর রহমান ও মো. আবদুর রহিম ওরফে রহিম। অপর আসামি কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম এবং খালাসপ্রাপ্ত আসামি কামাল হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড়া এলাকায় বাদী মো. হারুন মজুমদারের বসতঘরে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

 

এ ঘটনায় পরদিন ১১ এপ্রিল হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলায় আবাদ মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, দুলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।

 

মামলাটি তদন্ত করেন সদর দক্ষিণ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রসুল আহমেদ নিজামী। তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনি একাধিক আসামিকে গ্রেপ্তার করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

 

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ালে ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালের ডাকাতির মামলাটির বিচারিক নিষ্পত্তি হলো।

×