কলেজ অধ্যক্ষের রুমে বিএনপি নেতার প্রকাশ্যে ধূ’মপান: শিক্ষার্থী–অভিভাবকদের ক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিএনপি নেতাদের প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অধ্যক্ষের দপ্তরে উপস্থিত হলে সেখানে ধূমপানের দৃশ্যধারণ করা ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সাক্ষীদের বরাতে জানা যায়, উপস্থিতদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর এস এম সাইদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা এবং উপজেলা ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন সাবেক নেতা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষ প্রশাসনিক ও শিক্ষামূলক কার্যক্রমের স্থান। সেখানে রাজনৈতিক আড্ডা এবং প্রকাশ্যে সিগারেট সেবন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, এ ধরনের আচরণ শুধু অনৈতিকই নয়; এটি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’-এরও সুস্পষ্ট লঙ্ঘন।
একজন সাবেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অধ্যক্ষের কার্যালয়কে ব্যক্তিগত রাজনৈতিক আড্ডার মতো ব্যবহার করা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাকে কলঙ্কিত করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
শিক্ষার্থীরা আরও জানান, রাজনৈতিক নেতাদের অনিয়ন্ত্রিত প্রবেশে দীর্ঘদিন ধরেই কলেজের পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কলেজ প্রশাসনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।












