কুমিল্লার রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাবের দাফন সম্পন্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কুমিল্লায় সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্রের বিদায়
কুমিল্লার বহুল প্রচারিত দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক হাসিনা ওহাব ইন্তেকাল করেছেন। রবিবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে নগরীতে নেমে আসে শোকের ছায়া।
শোকের ঢেউ নগরীতে
সংবাদ ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই নগরীর বাগিচাঁগাও এলাকায় অবস্থিত রূপসী বাংলা ভবনে আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য এবং গণমাধ্যম কর্মীরা ছুটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেন।
বর্ণাঢ্য কর্মজীবন
হাসিনা ওহাব ১৯৬৩ সালে ইডেন কলেজে বাংলা অনার্সে ভর্তি হন। ১৯৬৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে কুমিল্লায় স্থায়ী হন। ১৯৬৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বাংলায় সম্মান শ্রেণিতে ভর্তি হয়ে একমাত্র নারী শিক্ষার্থী হিসেবে ইতিহাস সৃষ্টি করেন।
তিনি কুমিল্লা পৌরসভার কমিশনার, জাতীয় মহিলা সংস্থার সাধারণ সম্পাদক এবং আত্মনিবেদিতা মহিলা সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষকতা করেছেন কুমিল্লা হাই স্কুল, লুৎফুন্নেছা স্কুল ও বাগিচাগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।
নারী সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য তিনি প্রথম আলো–ডেইলি স্টার এবং স্কয়ার গ্রুপ থেকে কীর্তিমতী সাংবাদিক সম্মাননা লাভ করেন।
নামাজে জানাজা ও দাফন
বাদ জোহর পশ্চিম বাগিচাঁগাও জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্বামী অধ্যাপক আবদুল ওহাবের কবরের পাশে দাফন করা হয়।
দাফন কার্যক্রমে অংশ নেন তাঁর দুই পুত্র দৈনিক রূপসী বাংলার নির্বাহী সম্পাদক আরিফ অরুণাভ ও প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুণাভসহ পরিবারের সদস্যরা। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিক্রিয়া ও উপস্থিতি
জানাজা ও দাফন অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা আতাউর রহমান ছুটি, প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সম্পাদক নীতিশ সাহা, সাংবাদিক শাহজাদা এমরানসহ অসংখ্য বিশিষ্টজন মরহুমার প্রতি শ্রদ্ধা জানান।















