মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নগরীর ৩নং ওয়ার্ডের মধ্য রেইসকোর্স ডি ব্লক জনকল্যাণ সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডি ব্লক জনকল্যাণ সমিতির উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী নজির আহম্মেদের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, “রাসূল (সা:) এর আদর্শ ছাড়া সমাজ সুন্দর করা যাবে না। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ থাকলে সমাজকে সুন্দর করে সাজানো সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা জামান। তিনি বলেন, “বিগত দিনে যারা রেইসকোর্স এলাকায় নেতৃত্ব দিতেন, তারা মাদকসেবী, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের দিয়ে দল ভারী করতেন, সমাজের উন্নয়নের জন্য কাজ করতেন না।”
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, “মাদকের জন্য একটি সুন্দর সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা শান্তি চাই। মাদকের বিরুদ্ধে সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আইন নিজের হাতে তুলবেন না, মাদক বিক্রেতাদের ধরে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন ডি ব্লক জনকল্যাণ সমিতির উপদেষ্টা ডা. আব্দুস সেলিম, সভাপতি ফারুক আহম্মেদ, ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মাহবুবর রহমান, আশরাফুজ্জামান পিয়াস, মোহাম্মদ রানা, জসিম উদ্দিন, আবুল কাশেম, আবু জাহিদ, শফিকুর রহমানসহ আরও অনেকে।













