সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন : সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৮ এএম
এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন : সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী ও ভুয়া আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে বিগত সরকার। দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর আজহারুলের মুক্তি চেয়ে আন্দোলনে নামতে হয়েছে। এটি আমাদের চরম দুর্ভাগ্য। হয় এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় আপনারা বিদায় নিন।”

মঙ্গলবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি। অথচ এই সরকারের কারো কারো ভেতরে ভারতের প্রেতাত্মা ভর করেছে। নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে ভারতের কূটচালে। আমরা ভারতকে মানি না। ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিগত দিনে ভারতের সাথে সম্পাদিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে। অবিলম্বে এটিএম আজহারুলকে মুক্তি না দিলে কক্সবাজার থেকে দিনাজপুর সর্বত্র কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী নায়েবে আমির মোহাম্মদ মিছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ইউসুফ ইসলাহী, কুমিল্লা মহানগরী শিবির সভাপতি হাছান আহমেদ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহণ করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ আরও বলেন, “জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তাঁকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাঁকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। দেশবাসী আশা করেছিলো যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ৯ দিন অতিবাহিত হওয়ার পরেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত।”

বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই দুপুর ২টা থেকে মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে টাউন হল মাঠে সমবেত হন নেতা-কর্মীরা। ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক সদস্যও এতে যোগ দেন। মুহূর্তেই পুরো এলাকা মিছিলের নগরীতে রূপ নেয়।

কৃষক কার্ডে ৮ কোটি টাকার প্রণোদনা কৃষিমন্ত্রীর ঘোষণা সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ এএম
কৃষক কার্ডে ৮ কোটি টাকার প্রণোদনা কৃষিমন্ত্রীর ঘোষণা সচিবালয়ে

পহেলা বৈশাখে কৃষকদের হাতে আসছে নতুন প্রণোদনা। কৃষক কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা নগদ সুবিধা পাবেন ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, এই প্রাক-পাইলটিং কার্যক্রমে সরকারের ব্যয় হচ্ছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।

 

মন্ত্রী বলেন, “এই কৃষক কার্ড শতভাগ রাজনৈতিক মুক্ত। অতীতে যা হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। দল নয়, কৃষকই অগ্রাধিকার।”

 

১১ এপ্রিল পর্যন্ত মোট ২২,০৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ভূমিহীন কৃষক ২,২৪৬ জন, প্রান্তিক কৃষক ৯,৪৫৮ জন, ক্ষুদ্র কৃষক ৮,৯৬৭ জন, মাঝারি কৃষক ১,৩০৩ জন এবং বড় কৃষক ৯১ জন। নির্বাচিত কৃষকদের মধ্যে প্রণোদনার আওতায় আসছে ২০,৬৭১ জন, যা মোট কৃষকের ১৩.৭ শতাংশ।

 

কার্ড ব্যবহার করে কৃষকরা সার, বীজ, মৎস্য ও প্রাণিসম্পদ খাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন। এছাড়া ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্পমূল্যে যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি, আবহাওয়ার পূর্বাভাস, প্রশিক্ষণ, রোগ-বালাই দমন পরামর্শ, কৃষি বীমা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের সুযোগও মিলবে।

 

প্রাক-পাইলট পর্যায়ে নির্বাচিত জেলা ও কৃষি ব্লকগুলো হলো—পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, কুমিল্লা, টাঙ্গাইল, রাজবাড়ি, মৌলভিবাজার ও জামালপুর। উদ্বোধনের দিন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লকে ১৭ এপ্রিল কৃষক কার্ড বিতরণ করা হবে।

 

মন্ত্রী আরও জানান, প্রাক-পাইলটিং সফলভাবে সম্পন্ন হলে দেশের ১৫টি উপজেলায় পাইলট কার্যক্রম চালু করা হবে। আগামী চার বছরে সারাদেশে কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

কুমিল্লা আদালতে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল প্রশাসনিক তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:০৬ পিএম
কুমিল্লা আদালতে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল প্রশাসনিক তদন্ত শুরু

Oplus_131072

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পেশকার রবিউল্লাহ ও অফিস সহায়ক ফারুক হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আদালত অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আদালতের কক্ষে আইনজীবীর কাছ থেকে টাকা গ্রহণের দৃশ্য স্পষ্টভাবে ধারণ করা হয়েছে।

 

ভিডিওর শুরুতে অফিস সহায়ক ফারুক হোসেনকে নীল কাগজের মামলার নথি হাতে দেখা যায়। একজন আইনজীবী তার মানিব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দেন, এরপর তিনি মামলার নথি প্রদান করেন। ভিডিওর ৪০ সেকেন্ডে দেখা যায়, আদালতের এজলাসের পাশে বসে থাকা পেশকার রবিউল্লাহ দুই দফায় টাকা গ্রহণ করে অফিসের ড্রয়ারে রেখে দেন।

 

ঘটনাটি ভাইরাল হওয়ার পর আদালত অঙ্গনসহ আইনজীবী মহলে ক্ষোভের ঝড় ওঠে। অনেকেই আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আদালত সূত্রে জানা যায়, বিষয়টি নজরে আসার পর উভয় কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং তারা লিখিত জবাব দাখিল করেছেন।

 

পেশকার রবিউল্লাহ জানান, কে ভিডিওটি ধারণ করেছে তা জানা নেই, তবে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছেন। অপরদিকে অফিস সহায়ক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী জানান, এদের বিরুদ্ধে আগেও অনৈতিক লেনদেনের অভিযোগ ছিল। এবার ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি আদালতপাড়ায় মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

 

প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে শোকজ করা হয়েছে, লিখিত জবাব পাওয়া গেছে, পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক জানান, ভিডিও ভাইরালের বিষয়টি তিনি জেনেছেন এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের এখতিয়ার সংশ্লিষ্ট আদালতের।

 

দীর্ঘ ২১ বছর ধরে একই আদালতে দায়িত্ব পালন ও প্রভাব বিস্তার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে আইনজীবী মহলে।

দুই জেলার দায়িত্বের দোহাই দিয়ে অনিয়মিত কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশলী

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পিএম
দুই জেলার দায়িত্বের দোহাই দিয়ে অনিয়মিত কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশলী

Oplus_131072

সরকারি অফিসে সময়মতো উপস্থিত থাকার নির্দেশনা থাকলেও কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হকের নিয়মিত অনুপস্থিতি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি দুই জেলার দায়িত্বের দোহাই দিয়ে প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে।

 

গত বছরের ২৪ নভেম্বর কুমিল্লায় যোগদান করেন শফিউল হক। তবে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি হওয়ায় তিনি অধিকাংশ সময় সেখানে কাটান। কুমিল্লায় মূল দায়িত্ব থাকলেও নানা অজুহাতে নিজ এলাকায় অবস্থান করেন বলে জানা গেছে।

 

রোববার (১২ এপ্রিল) সকাল দশটায় সরেজমিন কুমিল্লা অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। কর্মচারীরা জানিয়েছেন, তিনি অধিকাংশ সময় ব্রাহ্মণবাড়িয়ায় দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সংশ্লিষ্ট দপ্তরে যাননি।

 

ব্রাহ্মণবাড়িয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক অলিউল্লাহ জানান, “স্যার আজ ব্রাহ্মণবাড়িয়া আসেননি, উনি কুমিল্লায় অফিস করবেন।” অন্যদিকে কুমিল্লার এস্টিমেটর অফিসার তারেক মোল্লা বলেন, “স্যার দুই জায়গায় অফিস করেন, আজ কোথায় করবেন সেটা স্যারের কাছেই জানতে হবে।”

 

মো. শফিউল হক নিজেই দাবি করেন, তিনি দুই জেলার দায়িত্বে আছেন এবং আজ ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করবেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া অফিসের কর্মকর্তারা জানান, তিনি সেখানে উপস্থিত নেই। মুঠোফোনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।

 

চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী বলেন, “উনি তো দুই জেলার দায়িত্বে আছেন। আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করব।”

 

এই অনিয়ম নিয়ে স্থানীয় মহলে তীব্র সমালোচনা চলছে। সরকারি নির্দেশনা অমান্য করে কর্মকর্তাদের এমন আচরণ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে।

 

সূত্র : আমার দেশ।

×
Skip to toolbar