শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে ওসিকে হুমকি যুবদল নেতা শোকজ

ঠাকুরগাঁও প্রতিনিধ : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম
আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে ওসিকে হুমকি যুবদল নেতা শোকজ

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত দুই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা ওরফে মিঠুর বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “আপনি মানুষ চিনেন নাই। আপনার এখানে রিজিক নাই, রিজিক উঠে গেছে।”

 

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে, যখন পুলিশ রাজোর গ্রামের সারোয়ার নুর ও হামিদুর রহমানসহ চারজনকে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে আটক করে। বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের ছাড়িয়ে নিতে চাপ দেন। পরদিন বুধবার থানায় হাজির হন ৩০–৩৫ জন, যাঁদের নেতৃত্বে ছিলেন জাহিদুল ও নাজমুল হুদা। তাঁরা আটক ব্যক্তিদের আত্মীয় দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং রাজি না হওয়ায় ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

 

ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, নাজমুল হুদা ওসিকে হুমকি দিচ্ছেন এবং থানা জ্বালিয়ে দেওয়ার ইঙ্গিত করছেন। পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

অভিযোগ অস্বীকার করে নাজমুল হুদা বলেন, “পুলিশকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আমি শুধু বলেছি, ৫ আগস্ট আমরা থানা পাহারা না দিলে উত্তেজিত জনগণ থানা পুড়িয়ে দিত।”

 

এ ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে তাঁকে আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, “উপজেলা যুবদলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার মাধ্যমে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন। সংগঠন বিরোধী এই কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যার ওপর নির্ভর করবে।”

 

জেলা যুবদলের সদস্যসচিব মো. জাহিদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম
কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত একটি গাভী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মুন্সির বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নজরে এলে তার নির্দেশনায় দাউদকান্দি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— ইব্রাহিম মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, হযরত আলী ও বিল্লাল।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাভীটি উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে শাহজাহান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম বলেন, ‘অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদারের ফলে দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

দীপা সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫২ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। অবশেষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

 

পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম
কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে ছিল পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। সেই পথ পেরিয়ে আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছেন মোঃ শাহরিয়ার। দৈনিক জনতার মতামত পত্রিকার সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। সীমিত সুযোগের মধ্যেও সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে খবর পাঠানো সবকিছুতেই ছিল তার একাগ্রতা।

 

প্রথম দিনগুলো সহজ ছিল না। প্রতিটি সংবাদ তৈরির পেছনে ছিল শ্রম আর নির্ঘুম রাত। তবুও থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে নিজের কাজের মান, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে জায়গা করে নেন সহকর্মী ও কর্তৃপক্ষের আস্থার কেন্দ্রে। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে সাব-এডিটর পদে পদোন্নতি দেওয়া হয়।

 

সাব-এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরও থামেননি মোঃ শাহরিয়ার। বরং আরও বেশি দায়িত্ববোধ নিয়ে কাজ করে গেছেন। প্রতিটি সংবাদে তিনি রেখেছেন সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতার ছাপ। বছরের পর বছর একই ধারাবাহিকতায় কাজ করে গেছেন তিনি। তার এই দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং দক্ষতার মূল্যায়ন করেছেন দৈনিক জনতার মতামত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়।

 

অবশেষে সেই স্বীকৃতির শীর্ষে পৌঁছে তাকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এটি শুধু একটি পদোন্নতি নয়, এটি এক সংগ্রামী পথচলার অর্জন, এক স্বপ্ন পূরণের গল্প।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ শাহরিয়ার বলেন, এই অর্জন তার একার নয়। এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। তিনি বলেন, প্রতিটি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর সমর্থন তাকে শক্তি জুগিয়েছে সামনে এগিয়ে যেতে। তিনি আরও জানান, সততা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিনি গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যেতে চান।

 

সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্যারের দিকনির্দেশনা ও বিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সবশেষে তিনি সহকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দৈনিক জনতার মতামত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। তার এই পদোন্নতি পত্রিকার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

×
Skip to toolbar