শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে আতঙ্ক ছড়ানো এক পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক কর্তৃপক্ষের বরাতে জানা যায়, রাতের নিরবতা ভেঙে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করে। এ সময় তারা পরপর তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে এবং বাইরের সাইনবোর্ডের আংশিক ক্ষতি হয়।
ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, ঘটনার সময় নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান ৭–৮ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যাচ্ছে। এরপর আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ড আংশিকভাবে পুড়ে যায়। ঘটনার পর থেকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে তারা ঘুম থেকে জেগে উঠে ঘটনাস্থলে ছুটে যান। চারপাশে পেট্রলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, “ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, “পুলিশের নিয়মিত টহলের কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে পেট্রলবোমার বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।
শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা বিস্ফোরণ সাইনবোর্ড পুড়েছে, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা।

















