কুমিল্লা সদর ৬
ইয়াছিনের পক্ষে তৃণমূলের হুংকার মনিরুলের বিপক্ষে সতন্ত্র প্রার্থী হলে নিশ্চিত বিজয়
Oplus_131072
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, ক্যান্টনমেন্ট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিরল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির মনোনীত প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরীর বিপরীতে এবার মাঠে নেমেছেন তৃণমূলের ক্ষুব্ধ অনুসারীরা। তাঁদের দাবি, যদি হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন স্বতন্ত্র নির্বাচন করেন, তবে বিপুল ভোটে জয়ী হবেন
এই দাবির পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও জনসম্পৃক্ততার শক্ত ভিত্তি। হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন কুমিল্লার রাজনীতিতে এক অভিজ্ঞ ও জননন্দিত নেতা। ১৯৯৬ সালে তিনি কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালে কুমিল্লা-৬ আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ছিলেন এবং সম্প্রতি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন
তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক ও দুর্দিনে জনগণের পাশে থাকার ঐতিহ্য। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী করেছেন। তাঁর অনুসারীরা মনে করেন, যে নেতা মাঠে ছিলেন না, যিনি জনগণের পাশে ছিলেন না, তিনি কীভাবে আমাদের নেতা ইয়াছিন ভাইকে বঞ্চিত করে মনোনয়ন পেতে পারেন
এই ক্ষোভের প্রকাশ ঘটেছে মনিরুল হক চৌধুরীর গণসংযোগে বাধা, অবাঞ্ছিত ঘোষণা, নগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক ছড়িয়ে পড়ার মাধ্যমে। মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন মনিরুল হক সাক্কু, যিনি নিজেও একসময় স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন। বিএনপির হাইকমান্ড তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে
অন্যদিকে, নিজাম উদ্দিন কায়সার—বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি—২০২২ সালে মেয়র পদে নির্বাচন করে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আজীবনের জন্য বহিষ্কৃত হন। তবে এবার তিনি নির্বাচন করছেন না। ফলে তৃণমূলের চোখ এখন ইয়াছিনের দিকে
নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা—ইয়াছিন ভাই যদি স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে মনিরুল সাহেবের কোনো সুযোগ নেই
মো. সোহেল, রিকশাচালক (বাগিচাগাঁও) বলেন ইয়াছিন ভাই আমাদের দুঃসময়ে পাশে ছিলেন। মনিরুল সাহেব তো কুমিল্লায়ই থাকেন না। ভোট দিলে আমরা দেব ইয়াছিন ভাইকেই
শাহনাজ বেগম, গৃহিণী (ধর্মসাগর) বলেন মনিরুল সাহেবের নাম শুনি, মানুষ দেখি না। ইয়াছিন ভাই এলাকায় থাকেন, খোঁজখবর নেন। উনি দাঁড়ালে আমরা সবাই ভোট দেব
রফিকুল ইসলাম, ব্যবসায়ী (টমছম ব্রিজ) বলেন দল যাক দলমতো, মানুষ ভোট দেয় যাকে চেনে। ইয়াছিন ভাই স্বতন্ত্র দাঁড়ালে মনিরুল সাহেবের জামানত থাকবে না
মাহবুব আলম, কলেজছাত্র (কোটবাড়ি) বলেন আমরা নতুন প্রজন্ম রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু ইয়াছিন ভাইয়ের মতো নেতাকে ভোট দিতে ইচ্ছা করে। উনি মাঠে থাকেন, কাজ করেন
আবদুল কাদের, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (মোগলটুলী) বলেন মনিরুল সাহেব তিনবার এমপি ছিলেন, কিন্তু এলাকার উন্নয়ন কোথায় ইয়াছিন সাহেবের মতো নেতা দরকার, যিনি কথা রাখেন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা-৬ আসনে এবার দলীয় প্রতীক নয়, বরং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, মাঠের সংযোগ ও জনসম্পৃক্ততা হবে মূল নিয়ামক। বিএনপির অভ্যন্তরীণ সংকট ও তৃণমূলের ক্ষোভ নির্বাচনের ফলাফলকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে
এদিকে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি






















