বাংলাদেশিদের জন্য যে সুখবর দিলো মালয়েশিয়া
Oplus_131072
মালয়েশিয়ার শিল্পখাতে বিদেশি কর্মী চাহিদা পূরণে এবার বৈধ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় নতুন করে কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। বুধবার, ২৬ নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে।
নতুন নিয়ম অনুযায়ী সাতটি প্রধান খাত এবং একটি বিশেষ বিভাগে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। খাতগুলো হলো— নির্মাণ, পরিষেবা, কৃষি, বৃক্ষরোপণ, উৎপাদন, খনন ও কোয়ারিং, নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিশেষ বিভাগে গৃহকর্মী নিয়োগ।
মোট ১৫টি উৎস দেশ থেকে কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, লাওস, মায়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, ফিলিপাইন, উজবেকিস্তান ও ভিয়েতনাম।
তবে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে উৎস দেশের তালিকা কিছুটা ভিন্ন। এই বিভাগে শুধুমাত্র কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম—এই ৯টি দেশ থেকে কর্মী নেওয়া যাবে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবার বিশেষভাবে জোর দিয়েছে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও মানবিক নিয়োগ প্রক্রিয়ার ওপর। তাদের লক্ষ্য হলো—বিদেশি কর্মীদের যেকোনো ধরনের নির্যাতন বা অন্যায্য আচরণ থেকে সুরক্ষা নিশ্চিত করা, নিয়োগকর্তা ও কর্মী উভয় পক্ষের অধিকার ও দায়িত্ব রক্ষা করা এবং অভিবাসন ও শ্রম আইন মেনে চলা নিশ্চিত করা।
এই ঘোষণার মাধ্যমে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা, মানবাধিকার ও আইনি কাঠামোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।





















