বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রথমবারের মতো ব্যালটে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:৩২ এএম
প্রথমবারের মতো ব্যালটে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই নির্বাচন

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

প্রায় দুই শতাব্দীর গৌরবময় ইতিহাসের ধারক ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুলে আজ ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন। ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশ-বিদেশে অসংখ্য কৃতি ও গুণীজন তৈরি করেছে, যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে কুমিল্লা জিলা স্কুলের সুনাম ছড়িয়ে দিয়েছেন।

 

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে এবং সম্মিলিত অগ্রগতির লক্ষ্যে ২০১১ সালে গঠিত হয় কুমিল্লা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দীর্ঘ প্রতীক্ষার পর এবারই প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সংগঠনটির নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।

 

নির্বাচন উপলক্ষে পুরো স্কুল প্রাঙ্গণ এখন উৎসবমুখর। আলোকসজ্জায় সেজেছে প্রিয় শিক্ষাঙ্গন। ১৯৬০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শত শত প্রাক্তন শিক্ষার্থী সরব উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে পরিবেশ। ১৯৯১ জন নিবন্ধিত ভোটার সরাসরি স্কুলে অথবা অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী থেকে ভোট দিতে পারবেন।

 

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে ভোট দিয়ে অংশ নিতে পারবেন এই ঐতিহাসিক প্রক্রিয়ায়।

 

নির্বাচন উপলক্ষে কুমিল্লা জিলা স্কুল টিচার্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল ইসলাম এফসিএ জানান, “২০১১ সালে সংগঠনটি গঠিত হলেও এবারই প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হচ্ছে। ১৩টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, আইটি সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্য পদে ভোট হবে।”

 

এই নির্বাচন কেবল একটি সংগঠনের নেতৃত্ব নির্ধারণ নয়, বরং এটি প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য, স্মৃতি ও ভবিষ্যতের পথচলার এক ঐতিহাসিক মাইলফলক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

দীপা সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫২ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। অবশেষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

 

পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম
কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে ছিল পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। সেই পথ পেরিয়ে আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছেন মোঃ শাহরিয়ার। দৈনিক জনতার মতামত পত্রিকার সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। সীমিত সুযোগের মধ্যেও সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে খবর পাঠানো সবকিছুতেই ছিল তার একাগ্রতা।

 

প্রথম দিনগুলো সহজ ছিল না। প্রতিটি সংবাদ তৈরির পেছনে ছিল শ্রম আর নির্ঘুম রাত। তবুও থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে নিজের কাজের মান, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে জায়গা করে নেন সহকর্মী ও কর্তৃপক্ষের আস্থার কেন্দ্রে। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে সাব-এডিটর পদে পদোন্নতি দেওয়া হয়।

 

সাব-এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরও থামেননি মোঃ শাহরিয়ার। বরং আরও বেশি দায়িত্ববোধ নিয়ে কাজ করে গেছেন। প্রতিটি সংবাদে তিনি রেখেছেন সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতার ছাপ। বছরের পর বছর একই ধারাবাহিকতায় কাজ করে গেছেন তিনি। তার এই দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং দক্ষতার মূল্যায়ন করেছেন দৈনিক জনতার মতামত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়।

 

অবশেষে সেই স্বীকৃতির শীর্ষে পৌঁছে তাকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এটি শুধু একটি পদোন্নতি নয়, এটি এক সংগ্রামী পথচলার অর্জন, এক স্বপ্ন পূরণের গল্প।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ শাহরিয়ার বলেন, এই অর্জন তার একার নয়। এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। তিনি বলেন, প্রতিটি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর সমর্থন তাকে শক্তি জুগিয়েছে সামনে এগিয়ে যেতে। তিনি আরও জানান, সততা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিনি গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যেতে চান।

 

সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্যারের দিকনির্দেশনা ও বিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সবশেষে তিনি সহকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দৈনিক জনতার মতামত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। তার এই পদোন্নতি পত্রিকার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম
চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশির উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধরা অভিযুক্ত আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ী দু’টি জ্বালিয়ে দেয়। নিহত বশির চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির এর পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর পাল্টা হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। এ সময় হামলকারীরা বশির এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বশির এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের দুইটি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২১ শে এপ্রিল রাতে বৈদ্দেরখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বশির উদ্দিন ও আবু রশিদ আহত হওয়ার ঘটনায় উভয় পরিবার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে। মঙ্গলবার দিবাগত রাতে বশির এর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। এই সময় বিক্ষুব্ধ জনতা আবু রশিদ এর দুইটি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

নিহত বশির এর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বশির পেশায় নির্মাণ শ্রমিক। ২১ শে এপ্রিল সংঘর্ষের সংবাদ শুনে তিনি উভয়পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু আবু রশিদ এর পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কোপানো ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে বশির এর মাথায় জটিল অপারেশন করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে বশির সেখানে মৃত্যুবরণ করেন। বশির ৩ সন্তানের জনক।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, মাদকের ক্রয়-বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে ২১ এপ্রিল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশ কয়েকটি সিন্ডিকেট এই এলাকাটি ব্যবহার করে মাদক কেনাবেচা সহ সরবরাহ করে আসছে। নাদির ও আবু রশিদ এর পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। নিহত বশিরকে মাদক ব্যবসায়ীদের বলি হতে হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ২১ এপ্রিল বৈদ্দেরখিল এলাকায় ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পরিবারই থানায় পৃথক ২টি মামলা করে। বিভিন্ন মাধ্যমে শুনেছি ওই ঘটনায় আহত হওয়ায় বশির নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা আবু রশিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar