কুমিল্লায় ফুফার অপহরণ নাটক, শিশুকে উদ্ধার করল পুলিশ
Oplus_131072
কুমিল্লার চান্দিনা থেকে অপহৃত ছয় বছরের মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীকে অপহরণের একদিন পর বাগেরহাট জেলার রামপাল থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের মূল হোতা হিসেবে শিশুটির আপন ফুফা মোহাম্মদ হানিফকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চান্দিনা থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রামপাল থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে রাতেই শিশুটিকে ও অভিযুক্ত হানিফকে চান্দিনা থানায় নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনা উপজেলা সদরের মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
অপহরণকারী মোহাম্মদ হানিফ (৪৮) কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং অপহৃত শিশুর ফুফা। পারিবারিক কলহের জেরে হানিফ এই অপহরণের পথ বেছে নেয় বলে জানা গেছে। কয়েকদিন আগে তার স্ত্রী ফাতেমা আক্তার রাগ করে বাবার বাড়িতে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে হানিফ বুধবার (২৯ অক্টোবর) সকালে তার শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।
শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার খোঁজাখুঁজি শুরু করে। মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, হানিফই শিশুটিকে নিয়ে গেছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, শিশুর মা নাহিদা আক্তারের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত তথ্যপ্রযুক্তির সহায়তায় হানিফের অবস্থান শনাক্ত করি। পরে বাগেরহাটের রামপাল থেকে তাকে আটক করে শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে আসামি ও শিশুটিকে আদালতে হাজির করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

























