পূর্বাচল প্লট দুর্নীতিতে শেখ হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড
Oplus_131072
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায়ে তিনজনকেই ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সালাহউদ্দিন চলতি বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপসহ ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুইজন যুক্ত হয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, শেখ রেহানা পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি হিসেবে নিজের প্রভাব খাটিয়ে মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব ও বোন আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে সহায়তা করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তা। মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতপাড়ায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদালতের প্রধান ফটক ও বারান্দায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “নিয়মিত নিরাপত্তার পাশাপাশি বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, “আমরা সব সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালতের সিদ্ধান্তেই রায় হয়েছে।”
এই রায়ের মাধ্যমে দেশের উচ্চপর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক বার্তা দেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।























