ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর
Oplus_131072
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, “শেখ হাসিনা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং তিনি কতদিন থাকবেন, তা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “যেসব পরিস্থিতির কারণে তিনি ভারতে এসেছেন, সেই পরিস্থিতিই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। আমি মনে করি, তার ভাগ্যে কী ঘটবে, সে ক্ষেত্রে সেই পরিস্থিতি স্পষ্টভাবে একটি বড় বিষয়।”
উল্লেখ্য, গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেই সময়কার সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন।
জয়শঙ্কর বলেন, “এটা এমন একটা বিষয়, যেখানে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যা শুনেছি, তা হলো—বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগে যেভাবে নির্বাচন হয়েছে তা নিয়ে আপত্তি ছিল। এখন যদি নির্বাচনই মূল সমস্যা হয়ে থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”
এই বক্তব্যে স্পষ্ট যে, ভারত সরকার শেখ হাসিনার অবস্থানকে একটি মানবিক ও রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখছে এবং তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে।



















